ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ঝুট ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভালুকা-১১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। সোমবার (২০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক লিখিত প্রতিবাদ লিপিতে তার পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে প্রকাশিত একাধিক প্রতিবেদনে প্রকৃত ঘটনার পরিবর্তে পরিকল্পিত ও সংঘবদ্ধভাবে গুজব ছড়ানো হয়েছে।
এতে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সংবাদগুলোতে এমপি বাচ্চুর বক্তব্য হিসেবে যে তথ্য প্রকাশ করা হয়েছে, বাস্তবে তিনি কোনো প্রতিবেদককে এ ধরনের বক্তব্য দেননি। নির্বাচন-পরবর্তী বিভিন্ন ঘটনার সঙ্গে তাকে ও তার নেতাকর্মীদের সম্পৃক্ত করে যেসব তথ্য প্রচার করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়।
এ সময় তিনি সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি আরও দায়িত্বশীলতা ও তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করার আহ্বান জানান। প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই ফখরউদ্দিন আহমেদ বাচ্চু ভালুকা উপজেলায় সব ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। পাশাপাশি মাদক ব্যবসা ও ইভটিজিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।
এছাড়া শিল্পাঞ্চলে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উল্লেখ করে বলা হয়, ভালুকার শিল্প কারখানাগুলোতে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে তিনি নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আসছেন। প্রতিবাদ লিপির মাধ্যমে প্রকাশিত সংবাদগুলো সংশোধনের পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
