নিজস্ব প্রতিবেদক:

নেত্রকোনার দুর্গাপুরে জুমার নামাজের আগে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. শাওন (১২) নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাওন ওই গ্রামের আতিকুর রহমানের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির নিয়মিত ছাত্র ছিল। অকাল এই মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুমার নামাজের প্রস্তুতির অংশ হিসেবে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় শিশু শাওন। গোসল শেষে তার জুমার নামাজে যাওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যদের মাঝে উদ্বেগ দেখা দেয়।

নামাজ শেষে তাকে বাড়িতে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে গিয়ে শাওনের রেখে যাওয়া জামা-কাপড় ও অন্যান্য জিনিসপত্র দেখতে পান তারা। এতে সন্দেহ তীব্র হলে পুকুরের পানিতে তল্লাশি শুরু হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে মাছ ধরার জাল ফেলা হলে শাওনের নিথর দেহ উদ্ধার করে পাড়ে আনা হয়।

নিহতের চাচা মিজানুর রহমান ভারাক্রান্ত কণ্ঠে বলেন, “শাওনের আজ তার দাদার সঙ্গে মোটরে গোসল করার কথা ছিল। সে সেখানে গোসল না করে পুকুরে গোসল করবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আমরা সবাই জুমার নামাজে চলে যাই। নামাজ পড়ে এসে শুনি সে এখনো বাড়ি ফেরেনি। পরে পুকুরে খোঁজ করে জাল ফেললে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।”

১১-১২ বছরের প্রাণোচ্ছল শিশু শাওনের এমন আকস্মিক মৃত্যুতে গুজিরকোনা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে প্রতিবেশীরা তাদের বাড়িতে ভিড় করেন। শিশুটির বাবা-মা ও স্বজনদের আহাজারিতে চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দুর্গাপুর থানা পুলিশ। এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, “পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version