রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলায় শিক্ষকদের যাতায়াত ও পেশাগত দায়িত্ব পালনে সহায়তা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে আগামী শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকাল ৩টা থেকে শুধুমাত্র শিক্ষকদের মোটরসাইকেলের জন্য নির্দিষ্ট ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সরবরাহ করা হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সুবিধার্থে “আলম ফিলিং স্টেশন, ডিমলা”কে নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট সময়ে শিক্ষকরা সেখানে গিয়ে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারবেন।
তবে জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে। শিক্ষকদের অবশ্যই নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র সঙ্গে রাখতে হবে এবং ফিলিং স্টেশনে দায়িত্বরত ট্যাগ অফিসারকে তা প্রদর্শন করতে হবে।
প্রশাসন আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষক ছাড়া অন্য কাউকে ওই ফিলিং স্টেশন থেকে জ্বালানি সরবরাহ করা হবে না।
উপজেলা প্রশাসন ডিমলার পক্ষ থেকে জানানো হয়, শিক্ষকদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতেই এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
এ উদ্যোগকে স্থানীয়ভাবে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

