নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুজন ভুয়া দন্ত চিকিৎসককে (ডেন্টিস্ট) অর্থদণ্ডসহ ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত দুজন ভুয়া চিকিৎসক হলেন- আটপাড়া উপজেলার পালগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. নূরে আলম (৩৮) এবং একই উপজেলার দুওজ গ্রামের শাহজাহানের ছেলে মো. জসিম উদ্দিন (৩০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত ওই দুই ব্যক্তি বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কোনো বৈধ নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে নাজিরগঞ্জ বাজারে দন্ত চিকিৎসার নামে চেম্বার পরিচালনা করে আসছিলেন। তারা অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে সাধারণ রোগীদের দাঁতের স্পর্শকাতর চিকিৎসা প্রদান করছিলেন। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
বুধবার (১ এপ্রিল) দুপুরের দিকে আটপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা শারমিন দৃষ্টি গোপন সংবাদের ভিত্তিতে নাজিরগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় নিবন্ধনহীন চিকিৎসক হয়েও চিকিৎসা কার্যক্রম পরিচালনার বিষয়টি প্রমাণিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত মো. নূরে আলম ও মো. জসিম উদ্দিনকে দুটি পৃথক মামলায় ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও, একই বাজারে অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় আরও তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় সংশ্লিষ্টদের আট হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
জনস্বার্থে, প্রতারণা রোধে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।

