Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গাঁজাবোঝাই অটো ফেলে পালালো কারবারি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে অটোরিকশায় করে মাদক পাচারের সময় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) উপস্থিতি টের পেয়ে ১৬ কেজি গাঁজা ও যানটি ফেলে পালিয়েছেন এক মাদককারবারি। পলাতক ওই মাদককারবারি মো. আমির হোসেন (৪৮)। তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাসিন্দা এবং পেশায় একজন অটোচালক।

বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) কর্তৃক প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

এরআগে গতকাল মঙ্গরবার দিবাগত রাতে নাগরপুর উপজেলার মামুদ নগর চারাবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১৪, সিপিসি-৩ এর টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মামুদ নগর চারাবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব-১৪ (সিপিসি-৩) এর আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন একটি অটোরিকশাকে থামার সংকেত দিলে, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অটোচালক গাড়িটি রাস্তায় রেখেই অন্ধকারে কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, পালিয়ে যাওয়া ওই অটোচালকের নাম মো. আমির হোসেন। এরপর ফেলে যাওয়া অটোরিকশাটিতে তল্লাশি চালায় র‍্যাব। তল্লাশিকালে অটোরিকশার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১৬ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করতে সক্ষম হন আভিযানিক দলের সদস্যরা।

র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার আরও জানান, এ ঘটনায় পলাতক মাদককারবারি মো. আমির হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ১৬ কেজি গাঁজা ও জব্দকৃত অটোরিকশাসহ পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সমস্ত আলামত ও এজাহার টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের জিরো টলারেন্স নীতি ও ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Exit mobile version