নিজস্ব প্রতিবেদক, মাহমুদুল হাসান মান্না মদন (নেত্রকোনা)
নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী হাওরে আগাম বন্যার পানি প্রবেশ রোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে কয়েক হাজার একর ফসলি জমি রক্ষা করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার (১৮ মার্চ) উপজেলার ‘ভালোই ব্রিজ’ সংলগ্ন কালভার্টের নিচ দিয়ে হঠাৎ করেই হাওরের ধানি জমিতে পানি প্রবেশ করতে শুরু করে। এতে গোবিন্দশ্রী হাওরের উঠতি বোরো ফসল তলিয়ে যাওয়ার উপক্রম হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান রফিকুল ইসলাম আকন্দ।
পানির প্রবল স্রোত বন্ধ করতে তিনি তাৎক্ষণিক নিজস্ব উদ্যোগে বালুর বস্তার ব্যবস্থা করেন। পরে স্থানীয় বিপুল সংখ্যক কৃষকের সাথে নিয়ে তিনি নিজে উপস্থিত থেকে প্রায় একশত বস্তা দিয়ে কালভার্টের মুখটি সাময়িকভাবে বন্ধ করে দেন। তার এই তড়িৎ পদক্ষেপে হাওরে পানি প্রবেশ বন্ধ হওয়ায় কয়েক গ্রামের কৃষকের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এলাকার সাধারণ কৃষকরা জানান, হঠাৎ কালভার্টের নিচ দিয়ে পানি ঢোকায় আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। রফিকুল ইসলাম আকন্দ ভাই খবর পেয়েই আমাদের পাশে এসে দাঁড়ান। সময়মতো এই উদ্যোগ না নিলে আমাদের সারা বছরের কষ্টের ধান আজ পানির নিচে তলিয়ে যেত।
এ বিষয়ে রফিকুল ইসলাম আকন্দ বলেন, “কৃষকের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। হাওরের মানুষের প্রধান সম্পদ এই ধান। খবর পাওয়া মাত্রই আমি আমার দায়িত্ববোধ থেকে কৃষকদের নিয়ে এই দুর্যোগ ঠেকানোর চেষ্টা করেছি। আগাম বন্যা থেকে ফসল রক্ষায় আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। বর্তমানে এলাকার কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে হাওরের ফসল রক্ষায় কালভার্ট ও আশপাশের বাঁধগুলোতে নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছেন।


