গাইবান্ধা:

 গাইবান্ধা জেলা শহরের ডেভিট কোম্পানিপাড়া এলাকার শহর পুলিশ ফাঁড়ির ভেতরে কয়েকজন পুলিশ সদস্যের টাকা দিয়ে তাস খেলার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে ঘটনাটি তদন্তে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলামকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।

ওই দুই পুলিশ সদস্য হলেন শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম ও আখতার হোসেন। ২ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওটি সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একটি টেবিল ঘিরে কয়েকজন বসে তাস খেলছেন। টেবিলের ওপর ছড়িয়ে–ছিটিয়ে আছে ১০, ২০, ৫০০ ও ১ হাজার টাকার নোট। মাঝেমধ্যে অংশগ্রহণকারী ব্যক্তিদের কাউকে মানিব্যাগ থেকে টাকা বের করে টেবিলে রাখতে এবং তাস নিতে দেখা যায়।

সেখানে পুলিশের পোশাক পরা একজনকে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দীন আজ শনিবার সন্ধ্যায় মুঠোফোনে জানান , ফাঁড়িতে কয়েকজন তাস খেলছিলেন। সেখানে বাইরের পুলিশ সদস্যও ছিলেন। তাঁরা টাকা দিয়ে খেলেছেন, যা অপরাধ।

ভিডিওতে যাঁদের শনাক্ত করা গেছে, তাঁদের পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটিকে গুরুতর অপরাধ উল্লেখ করে গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, জুয়াসহ নানা ধরনের অপরাধ দমন করা আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব। কিন্তু আইনের রক্ষক হয়ে নিজেরাই আইন ভঙ্গ করলে তা আরও গুরুতর অপরাধ। এতে একটি বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং মানুষের আস্থা কমে যায়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version