দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

শেখ শামীম: ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ ঠেকাতে এবং জনসচেতনতা বাড়াতে নেত্রকোনার কলমাকান্দায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং স্থানীয় উপজেলা যুবদলের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি ডেঙ্গু ও মশা নিধনে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে যুবদল।

সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালি থেকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। বিশেষ করে বাড়ির আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের টব বা পরিত্যক্ত পাত্রে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এদিকে, ডেঙ্গুর বিস্তার রোধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কলমাকান্দা উপজেলা শাখার পক্ষ থেকে দুই দিনব্যাপী (১৪ ও ১৫ মার্চ) বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ১১টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম চলবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যুবদলের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অনুমতিও চাওয়া হয়েছে।

এই যৌথ উদ্যোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা। মশা জন্মানোর মতো পরিবেশ তৈরি না হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমে যায়। তাই স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে নিজ উদ্যোগে এগিয়ে আসতে হবে। স্থানীয় যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং জনস্বার্থে ব্যাপক ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি।”

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহরাব হোসাইন লিংকন, মেডিকেল অফিসার ডা. শেখ তালাত মাহমুদ পিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব সোলাইমান হক, ইউনিয়ন আহ্বায়ক মো. আলমগীরসহ যুবদলের অন্যান্য নেতাকর্মীরা।

উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির তাদের কর্মসূচির প্রেক্ষাপট তুলে ধরে জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের অঙ্গীকার এবং মাননীয় ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যেই আগামী ১৪ ও ১৫ মার্চ ডেঙ্গু ও মশা নিধন কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি আরও বলেন, “ডেঙ্গু কোনো একক ব্যক্তির সমস্যা নয়, এটি প্রতিরোধে সমাজের সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে চারপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version