দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

শেখ শামীম: ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধ এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় অভিনব উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এখন থেকে প্রতি শনিবার পুরো উপজেলাজুড়ে সমন্বিত পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিত হবে।

শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে এই সমন্বিত অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন এবং উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচিতে ফায়ার সার্ভিস, আনসার বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধারাবাহিক অভিযানের মূল উদ্দেশ্য হলো উপজেলার জনবসতিপূর্ণ এলাকা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব বা পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি অপসারণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর জোর দিয়ে তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো মশার প্রজননস্থল ধ্বংস করা। এ বিষয়ে ধারাবাহিক অভিযানের মাধ্যমে আমরা সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। প্রশাসন একা সব করতে পারবে না, স্থানীয় জনগণও নিজ উদ্যোগে এই কার্যক্রমে অংশগ্রহণ করলে ফলাফল আরও কার্যকর ও দীর্ঘস্থায়ী হবে।”

আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ডেঙ্গু বা মশাবাহিত রোগ প্রতিরোধ করা শুধু হাসপাতাল বা স্বাস্থ্য বিভাগের একার দায়িত্ব নয়। এটি সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত দায়িত্ব। তাই প্রতি শনিবারের সমন্বিত অভিযানের পাশাপাশি প্রতিদিন নিজ নিজ বাড়ির আঙিনা ও কর্মক্ষেত্র পরিচ্ছন্ন রাখতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version