নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক আলকাজ মিয়াকে মাত্রাতিরিক্ত চেতনানাশক খাইয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারকৃত আসামির নাম মো. মজিদুল ইসলাম ওরফে বিক্কু (৩৪)। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গত ১৪ ফেব্রুয়ারি (২০২৬) প্রতিদিনের মতোই নিজের অটোরিকশা নিয়ে জীবিকার সন্ধানে বের হন চালক আলকাজ মিয়া। সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে অজ্ঞাতনামা ছিনতাইকারী চক্রের সদস্যরা যাত্রীবেশে তার অটোতে ওঠে। একপর্যায়ে তারা আলকাজকে কৌশলে মাত্রাতিরিক্ত চেতনানাশক দ্রব্য সেবন করায়। তিনি অচেতন হয়ে পড়লে মির্জাপুর থানাধীন জুই-যুঁথী সিএনজি পাম্পের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তাকে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরবর্তীতে হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইলের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হতভাগ্য অটোচালকের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত আলকাজের স্ত্রী বাদী হয়ে গত ২ মার্চ টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি রুজু হওয়ার পরপরই আসামিদের ধরতে মাঠে নামে র‍্যাব। সিপিসি-৩, র‍্যাব-১৪ (টাঙ্গাইল ক্যাম্প) ঘটনার ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গতকাল বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে গাইবান্ধায় অভিযান চালায়। সিপিসি-৩, র‍্যাব-১৩ (গাইবান্ধা ক্যাম্প) এর সহায়তায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাধীন পীরপল বাজার এলাকা থেকে এ মামলার তদন্তে প্রাপ্ত প্রধান আসামি মজিদুল ইসলাম ওরফে বিক্কুকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version