নিজস্ব প্রতিবেদক: পৃথক দুটি অভিযান চালিয়ে চাঞ্চল্যকর দুটি হত্যা মামলার পলাতক দুজন আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। রবিবার (৮ মার্চ) রাত ১০টায় র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।
সিপিসি-৩, র্যাব-১৪ (টাঙ্গাইল ক্যাম্প) সিরাজগঞ্জের সলঙ্গা থানার একটি হত্যা মামলা এবং টাঙ্গাইলের মধুপুর থানার অপর একটি হত্যা মামলার পলাতক আসামিদের ধরতে জোড়া অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, টাঙ্গাইলের মধুপুর থানার চাঞ্চল্যকর শান্তা আক্তার তন্নী (২৭) হত্যা মামলার আসামি মোছা. হাজেরা খাতুনকে (৬০) গ্রেফতার করেছে র্যাব।
মামলার বিবরণ অনুযায়ী, স্বামী আলমগীর হোসেন দ্বিতীয় বিয়ে করায় শান্তার সঙ্গে তার দাম্পত্য কলহ শুরু হয়। পরে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলে শান্তাকে পুনরায় ঘরে তুললেও বাস্তবে সে তালাক দেয়নি। এ নিয়ে কলহের জেরে গত ৮ জানুয়ারি আলমগীর হোসেনের বসতঘর থেকে শান্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহতের বাবা মো. সবুজ মিয়া লাশ শনাক্ত করতে গিয়ে দেখেন, তার মেয়ের গলা ও বাঁ হাতের কবজির রগ ধারালো অস্ত্র দিয়ে কাটা। এ ঘটনায় গত ৯ জানুয়ারি মধুপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় র্যাব-১৪ এর আভিযানিক দল গতকাল (শনিবার) রাত সাড়ে ১০টার দিকে মধুপুরের আমলিতলা আরোনখোলা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মোছা. হাজেরা খাতুনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব আরও জানায়, গত ২৬ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার কাশিনাথপুর গ্রামে মেয়েদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় জাহাঙ্গীর আলম খন্দকার এবং তার ভাই শাহ আলম গুরুতর আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শাহ আলমের মৃত্যু হয়। এ ঘটনায় গত ১ মার্চ সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এ ঘটনার ছায়াতদন্তে নেমে গতকাল (শনিবার) বিকেল ৩টার দিকে টাঙ্গাইল সদরের মাহমুদনগর বাজার এলাকায় যৌথ অভিযান চালায় র্যাব-১৪ ও র্যাব-১২। অভিযানে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সিরাজগঞ্জের মো. নজরুল ইসলামকে (৫০) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।


