আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজারাম গ্রাম থেকে মোঃ শরিফুল ইসলাম (২৪) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ২১ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে বাড়ির সবার অগোচরে তিনি বের হয়ে যান, এরপর আর ফিরে আসেননি। পরিবার সূত্রে জানা গেছে, শরিফুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার উন্নত চিকিৎসা চলছিল। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল লাল রঙের সোয়েটার।
তার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি। নিখোঁজ যুবকের বড় ভাই মোঃ আশরাফুল আলম জানান, শরিফুল বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও সে ফিরে না আসায় তারা আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেছেন।
কোথাও তার সন্ধান না পেয়ে গত ২৪ ফেব্রুয়ারি মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১২০৩) করা হয়েছে। আশরাফুল আলম অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “আমার ছোট ভাইটি অসুস্থ। অনেক চিকিৎসা করেও তাকে পুরোপুরি সুস্থ করা সম্ভব হয়নি। সে কোথায়, কী অবস্থায় আছে তা ভেবে আমাদের পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
আমরা প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও অনুরোধ করছি, যদি কেউ আমার ভাইয়ের সন্ধান পান তবে আমাদের জানাবেন।” যদি কোনো হৃদয়বান ব্যক্তি উক্ত বর্ণনার যুবকের সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানা অথবা ০১৯১৭৭৪৮৩৬৯ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে তার পরিবার।


