দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে তারেক আহমদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তথ্যপ্রযুক্তির ব্যবহার করে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম থেকে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গত বুধবার (২৫শে ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারেক আহমদ একই গ্রামের গাজী মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ঘটনার দিন বিকেলে গ্রামের বালিদীঘির পাড়ের দক্ষিণ পাশে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় তারেক আহমদের সঙ্গে তার প্রতিবেশী আতিক আহমদের (২২) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আতিক ধারালো অস্ত্র দিয়ে তারেকের হাত, উরু ও পায়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৬শে ফেব্রুয়ারি রাজনগর থানায় একটি হত্যা মামলা (মামলা নং–০৯) দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান আতিক (২২), সবুজ মিয়া (২৬) ও রিয়াদ মিয়া (২১)।

পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরের সার্বিক দিকনির্দেশনা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারের তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) অরূপ সরকার ও সঙ্গীয় ফোর্স এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যদের যৌথ অভিযানে চট্টগ্রামের খুলশী থানাধীন মতিঝর্ণা কলোনি থেকে গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩রা মার্চ) দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে গ্রেপ্তারকৃতদের রাজনগর থানায় নিয়ে আসা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে থানা পুলিশ দাবি করেছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version