নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের তারাকান্দায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধ আবু বক্কর সিদ্দিক (৭০) হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা হলেন ইব্রাহিম মাসুদ (৪০) এবং সাজেদা আক্তার (৩৭)। তারা দুজন এ হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে র‍্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে গতকাল রবিবার রাত পৌনে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নানশ্রী জয়কা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আবু বক্কর সিদ্দিকের সঙ্গে গ্রেপ্তারকৃতদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। চলতি বছরের ২৩ জানুয়ারি বিকেলে নামাজ শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা দেশীয় অস্ত্র রামদা, বল্লম, লোহার সলফি ও লাঠিসোঁটা নিয়ে বৃদ্ধের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে বাঁচাতে স্ত্রী ও ভাগ্নে এগিয়ে এলে তাদেরও কুপিয়ে গুরুতর জখম করা হয়।

গুরুতর অবস্থায় আবু বক্কর সিদ্দিককে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের ছেলে ওমর ফারুক রিয়ান বাদী হয়ে তারাকান্দা থানায় হত্যা মামলা (মামলা নং-১৩) দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

র‍্যাব-১৪-এর মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পরিচালক জানান, মামলা রুজুর পর থেকেই র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকায় আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে সিপিএসসি ও সিপিসি-২ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তারাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব সূত্রে জানানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version