নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে দুইশো পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার টাকা।
আটককৃতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের দুর্গাশ্রম গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে মো. কামরুল ইসলাম (৪৮) এবং তার স্ত্রী নাসরিন সুলতানা (৩৫)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে গতকাল রবিবার রাতে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের বায়রাউড়া বাজার এলাকা থেকে ওই দম্পতিকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম, রবিবার রাত ৯টা ১০মিনিট থেকে ১০টা ২০মিনিট পর্যন্ত বায়রাউড়া বাজারস্থ মরিয়ম বীজ ভান্ডারের পাশে কেন্দুয়া-নেত্রকোনা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসায়। এসময় একটি সন্দেহভাজন সিএনজি তল্লাশি করে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে দুইশো পিস কমলা বর্ণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার টাকা। মাদকগুলো নীল ও সাদা রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে লুকানো ছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূল এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে।


