লোকমান আহমদ,
সিলেট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনের ১,০১৬টি ভোটকেন্দ্রে সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১৯৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।
সিলেট-১ আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয় সরকারি মহিলা কলেজ কেন্দ্র ও সদর উপজেলা কেন্দ্র থেকে। অন্যান্য আসনের সরঞ্জাম সংশ্লিষ্ট উপজেলা কার্যালয় থেকে সরবরাহ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, জেলার ৭২২টি কেন্দ্র জেলা পুলিশের আওতায় এবং মহানগর এলাকায় রয়েছে ২৯৪টি কেন্দ্র। সিলেট মেট্রোপলিটন পুলিশের দায়িত্বে রয়েছে সিলেট-১ আসনের পুরো এলাকা এবং সিলেট-৩ আসনের আংশিক অংশ।
সিলেট-৩ আসনের বৃহৎ অংশসহ বাকি চারটি আসন জেলা পুলিশের নিয়ন্ত্রণে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মহানগর এলাকায় ২৯৪টি কেন্দ্রের মধ্যে ৯৫টি অতি গুরুত্বপূর্ণ, ১৩৪টি গুরুত্বপূর্ণ এবং ৬৫টি সাধারণ হিসেবে চিহ্নিত। প্রতিটি কেন্দ্রে নিয়মিত বাহিনীর পাশাপাশি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে।
নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার বলেন, জেলা পুলিশের অধীনে থাকা ৭২২টি কেন্দ্রের মধ্যে ৬১৯টি সাধারণ এবং ১০৩টি গুরুত্বপূর্ণ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিন দুপুরে সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম।
তিনি জানান, অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে তিনজন পুলিশ সদস্য ও ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। তিনি আরও জানান, সিলেটে প্রায় ৪২ হাজার ভোটার পোস্টাল ব্যালেটের জন্য নিবন্ধন করেছিলেন। এর মধ্যে ইতোমধ্যে ৩৬ হাজার পোস্টাল ব্যালেট এসে পৌঁছেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে।

