Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

কেন্দুয়ায় সিএনজি চালক নুরুজ্জামান হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া সিএনজি স্ট্যান্ডের চালক মো. নুরুজ্জামান হত্যার প্রতিবাদে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় কেন্দুয়া অটো টেম্পু অটোরিকশা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের (রেজি নং: ৩৬২১) আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে উপজেলা মোটর চালক দলের সদস্য সচিব ও ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আকন্দ সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মোটর চালক দলের আহ্বায়ক ও ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. রুমান খান, শ্রমিকনেতা গোলাম সারোয়ার খোকন প্রমুখ।

বক্তারা বলেন, সন্ত্রাসী কায়দায় শ্রমিক ভাই নুরুজ্জামানকে হত্যা করা হয়েছে। আগামী দু’দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে আ. করিম, নূর ইসলাম, মো. কাশেম, মো. আকিজ, মো. জিয়াসহ কয়েকশো শ্রমিক অংশগ্রহণ করেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আদমপুর হাসপাতাল থেকে দুল্লী-বৈরাটি রোডের মরা খাল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর গ্রামের বাড়ি নওপাড়া ইউনিয়নের পাঁচার বড় বাড়ি গ্রামে।

Exit mobile version