জামালপুর প্রতিনিধি: হেমন্তের স্নিগ্ধ বিকেল। জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নে তখন বিরাজ করছিল অন্যরকম উৎসবের আমেজ। একদিকে সমাজের প্রান্তিক, হতদরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আর্থিক সহায়তার উদ্যোগ, অন্যদিকে আবহমান বাংলার চিরায়ত সম্প্রীতির প্রতীক ঐতিহ্যবাহী ‘মিলি ভাত’-এর বিশাল মেহমানখানা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে এমন মানবিক ও ব্যতিক্রমী আয়োজনের সাক্ষী হলো রশিদপুরবাসী।
সমাজ পরিবর্তনের মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই মানবিক উদ্যোগের আয়োজন করে ‘আসলান ফাউন্ডেশন’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক মানুষের সঙ্গে সম্প্রীতির আয়োজনে শামিল হন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেস আলী মামুন। তার উপস্থিতি ও দিকনির্দেশনামূলক বক্তব্যে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
শুধু একবেলার আহার বা সামান্য অনুদান নয়, আলোচনা সভায় অতিথিদের কণ্ঠে ধ্বনিত হয়েছে সমাজ পরিবর্তনের দীর্ঘমেয়াদী রূপরেখা। বক্তারা জোর দেন বেকারত্বের অভিশাপ থেকে তরুণ সমাজকে মুক্ত করার ওপর। তারা বলেন, সাময়িকভাবে সমাজের অসহায় ও আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বেকার যুবক-যুবতীদের কর্মমুখী প্রশিক্ষণের আওতায় আনতে হবে। যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ ও আত্মনির্ভরশীল জনশক্তিতে রূপান্তর করতে পারলেই আগামীর সমৃদ্ধ ‘নতুন বাংলাদেশ’ গঠন করা সম্ভব হবে।
মহতী এ আয়োজনে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন আম জনতা পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আরিফ বিল্লাহ, আসলান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শান্ত ইসলাম নাঈম, মো. সুজন আহমেদ, আনিসুর রহমান এবং মোহাম্মদ সাদিকুল ইমাম দুলালসহ আরও অনেকে। তাদের প্রতিটি কথাতেই ছিল সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার স্পষ্ট উচ্চারণ।
আলোচনা সভা শেষে সমাজের অত্যন্ত হতদরিদ্র ৩০ জন ব্যক্তির হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। অপ্রত্যাশিত সহায়তা পেয়ে প্রান্তিক মানুষগুলোর চোখেমুখে যে স্বস্তির ঝিলিক দেখা গেছে, তাতেই যেন আয়োজনের মূল সার্থকতা ফুটে ওঠে।
সবশেষে ঐতিহ্যবাহী ‘মিলি ভাত’-এর মেহমানখানায় আমন্ত্রিত অতিথি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিন্নমাত্রা যোগ করে। ধনী-দরিদ্র নির্বিশেষে সবার এক কাতারে বসে আহার গ্রহণের দৃশ্য রশিদপুরে সম্প্রীতি ও মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সমাজের সকল শ্রেণির মানুষের অংশগ্রহণে আসলান ফাউন্ডেশনের উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।




