Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

বরিশালে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডিত আসামি গ্রেপ্তার

আরিফুর রহমান, বরিশাল।।

বরিশালে নগরীতে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন দণ্ড পাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোরে রাজধানীর কামরাঙ্গীর চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৮ এর ১ নম্বর সিপিএসসির কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

গ্রেপ্তার জসিম হাওলাদার (৪৩) বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে। মামলার বরাত দিয়ে সিপিএসসির কমান্ডার জাহাঙ্গীর আলম বলেন, ২০১২ সালের ১৮ অক্টোবর স্কুলছাত্রী চাচাতো বোনকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন জসিম। এ ঘটনায় ২৫ অক্টোবর ওই ছাত্রীর মা বাদী হয়ে মহানগর পুলিশের বন্দর থানায় দুইজনের নাম উল্লেখ করে মামলা করেন।

তিনি বলেন, পরে বন্দর থানার এসআই মো. আলমগীর হোসেন ওই বছরের ৩১ ডিসেম্বর জসিমকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেন । তবে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে।

“এরপর ২০২২ সালে ২৮ ফেব্রুয়ারি বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন।”এই র‌্যাব কর্মকর্তা আরও বলেন, “রায়ে আদালত জসিমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেন।”

এ ছাড়া রায়ে মামলার আরেক আসামি একই এলাকার কুদ্দুস হাওলাদারকে খালাস দেওয়া হয়। জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পর থেকে জসিম পলাতক ছিলেন। পরিবারের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ ছিল না।

রায় ঘোষণার পর র‌্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে জসিমকে গ্রেপ্তার করা হয়। দণ্ডিত জসিমকে বরিশাল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Exit mobile version