আবদুল হান্নান, ভোলা: ভোলা সদর উপজেলা ১নং রাজাপুর ইউনিয়নের বিছিন্ন দ্বীপ রামদাসপুরের চর সুলতানী গ্রামের ১নং ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মিজানুর রহমান মিজানের নির্বাচনী ক্লাব দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভোলা-১ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদের ছবিও।

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ক্লাবের চেয়ার-টেবিলসহ সকল জিনিসপত্র।শনিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত নৌকা চেয়ারম্যান প্রার্থী মিজান রহমান অভিযোগ করে জানান, তাঁর প্রতিপক্ষ স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী রেজাউল হক মিঠু চৌধুরী শনিবার সকালে রামদাসপুর এলাকায় একটি গণসংযোগ করতে যায়। গণসংযোগের একপর্যায়ে মিঠু চৌধুরী স্বয়ং উপস্থিত থেকে তাঁর কর্মী-সমর্থকদের সাথে নিয়ে তাঁর নির্বাচনী ক্লাবটিতে আগুন ধরিয়ে দেয় এবং তাঁর কয়েকজন কর্মী-সমর্থকের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটায়।

তিনি আরও অভিযোগ করেন, নৌকার সুনিশ্চিত বিজয়ীকে বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন মিঠু চৌধুরী। বহিরাগত ক্যাডার এনে দিনরাত তাঁর কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছেন।

তবে অভিযুক্ত প্রার্থী রেজাউল হক মিঠু চৌধুরী উক্ত অভিযোগ অস্বীকার করে জানান, গেলো এক সপ্তাহ ধরে তিনি ওই এলাকায় গণসংযোগ করতে যাননি। বুধবার আইনশৃঙ্খলা মিটিং এ নির্বাচনী পরিবেশ সুস্থ হবে এমন আশ্বাসের ভিত্তিতে তাঁর কয়েকজন কর্মী সমর্থক নিয়ে শনিবার সকালে তিনি রামদাসপুর এলাকায় গণসংযোগ করতে যান। তিনি স্পিডবোট থেকে নেমে গণসংযোগ করতে রওনা হওয়ার আগেই মুঠোফোনে শুনতে পান মিজানুর রহমানের ক্লাবে কে বা কারা আগুন দিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে গণসংযোগ বন্ধ করে তিনি তাঁর এক কর্মীর বাড়িতে অবস্থান নেন।

তিনি আরও অভিযোগ করে বলেন, তাকে কিভাবে নির্বাচন থেকে সরানো যায় সেই লক্ষ্য থেকে মিজানুর রহমান তাঁর নিজের ক্লাবে আগুন দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন।

মিঠু চৌধুরী আরও জানান, রাজাপুর ইউনিয়ন মুক্তিযুদ্ধা কমান্ডার দুলু মিয়া তাঁর সমর্থন করায় নৌকার প্রার্থীর সমর্থক নাসির সর্দারের বাড়িতে দুলু মিয়াকে আটক করে রেখেছে। তবে দুলু মিয়াকে আটকের বিষয়টি অস্বীকার করেছেন নৌকার প্রার্থী মিজানুর রহমান।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ উদ্দিন জানান, কে বা কারা ক্লাবে আগুন ধরিয়ে দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে তিনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত সেখানের পরিবেশ শান্ত রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version