নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আগিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সামাজিক অবক্ষয় রোধ, অপরাধ প্রবণতা কমানো এবং সুন্দর ভবিষ্যৎ গঠনে করণীয় শীর্ষক ব্যতিক্রমী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পূর্বধলা থানা পুলিশের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তার সাথে আরও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান (পিপিএম)।

শ্রেণিকক্ষে উপস্থিত শত শত ছাত্র-ছাত্রীর মনোযোগ আকর্ষণ করে মেগাফোন হাতে অত্যন্ত সাবলীল ভাষায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। পিনপতন নীরবতায় শিক্ষার্থীরা পুলিশের সচেতনতামূলক বক্তব্য শুনছিল।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং দেশ গড়ার কারিগর। সুন্দর, সুস্থ ও নিরাপদ সমাজ গড়তে হলে যুবসমাজকে অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে।” তিনি শিক্ষার্থীদের মাঝে মাদক, ইভটিজিং এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিগুলোর আইনি ও সামাজিক ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া, বর্তমান সময়ে স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের যে কুফল দেখা যাচ্ছে, সে বিষয়েও তিনি সতর্ক করেন। মোবাইল আসক্তি কীভাবে শিক্ষার্থীদের পড়ালেখা ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে, তা তুলে ধরে তিনি প্রযুক্তির সঠিক ও পরিমিত ব্যবহারের প্রতি জোর দেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান তার বক্তব্যে শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য অর্জনে করণীয় সম্পর্কে আলোকপাত করেন। পুলিশ কর্মকর্তারা জানান, ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হতে হলে এখন থেকেই সঠিক পথ বেছে নিতে হবে। পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে এবং সমাজের জন্য ক্ষতিকর সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখতে হবে।

সভায় উপস্থিত আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান। বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, “থানা পুলিশের সরাসরি এমন দিকনির্দেশনা ও সচেতনতামূলক বক্তব্য শিক্ষার্থীদের মানসিক বিকাশে দারুণভাবে সহায়তা করবে। এর ফলে শিক্ষার্থীরা অপরাধমূলক কাজ থেকে নিজেদের দূরে রেখে একটি সুন্দর জীবন গঠনে অনুপ্রাণিত হবে।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version