বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের আঘাত এলে ভারতও নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলসংক্রান্ত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংগঠনটির নেতারা এ প্রতিক্রিয়া জানান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ অবস্থান জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
বিবৃতিতে হেফাজত নেতারা অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের নেতা অর্জুন সিং আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন। তাঁর এমন বক্তব্যকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।
বিবৃতিতে নেতারা বলেন, অতীতেও রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন দমন করা সম্ভব হয়নি। তাই বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি বাস্তবসম্মত নয় বলে তাঁরা মন্তব্য করেন। তাঁদের দাবি, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন এসেছে এবং দেশের জনগণ কোনো ধরনের আধিপত্যবাদী হুমকি মেনে নেবে না।
বিবৃতিতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ঘটনা ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ভারতের ভূমিকা নিয়েও অভিযোগ করেন হেফাজত নেতারা। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বিভিন্ন বক্তব্য ও প্রচারণার সমালোচনা করেন তাঁরা।
হেফাজতে ইসলাম নেতারা আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের অপপ্রচার ও আগ্রাসী মনোভাব ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতির শেষাংশে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অজুহাতে বাংলাদেশের ওপর আঘাত এলে তার পাল্টা প্রতিক্রিয়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো হয়ে দিল্লি পর্যন্ত পৌঁছাতে পারে। পাশাপাশি সংকটের সময়ে সামরিকভাবে শক্তিশালী মুসলিম দেশগুলো বাংলাদেশের পাশে থাকবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।


