২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ, নারায়ণগঞ্জে ছয় বছর বয়সী এক শিশুসহ প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস।
গত ২৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আয়োজিত ‘ঢাকা কোন পথে! বাংলাদেশ আজ ও আগামীকাল’ শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি। সেখানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে হ্যারি কে টমাস বলেন, ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের হিসাব অনুযায়ী, ওই বছরের আন্দোলনে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে। নিহতদের অনেকেই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন।
তিনি আরও বলেন, ওই সময়ের সহিংসতায় ৪৪ জন পুলিশ সদস্য এবং নিরাপত্তা বাহিনীর আরও আট সদস্য নিহত হন। তাদেরও স্মরণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
বক্তব্যে রংপুরের শিক্ষার্থী আবু সাঈদের প্রসঙ্গ তুলে সাবেক এই রাষ্ট্রদূত বলেন, দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন আবু সাঈদ। পরে তিনি গুলিতে নিহত হন। একইভাবে নারায়ণগঞ্জে নিজ বাড়ির ছাদ থেকে সংঘর্ষ দেখার সময় ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যুর কথাও উল্লেখ করেন তিনি। হ্যারি কে টমাস বলেন, এসব মানুষের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ আজকের গণতন্ত্র পেয়েছে।
বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র বাইরে থেকে কোনো দেশের ওপর চাপিয়ে দেওয়া সম্ভব নয়। একটি দেশের জনগণকেই নিজেদের গণতান্ত্রিক ব্যবস্থা বেছে নিতে হয়। গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের রায় পাওয়া সরকারের পাশাপাশি শক্তিশালী বিরোধী দলও প্রয়োজন, যারা সরকারের জবাবদিহি নিশ্চিত করবে।
সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে হ্যারি কে টমাস বলেন, ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নির্বাচনের ফল নিয়ে ভিন্নমত থাকলেও ভোটের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টি স্বীকৃতি দেওয়া উচিত।
এ ছাড়া বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও বক্তব্য দেন তিনি। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও বিভাজন দূর করে দেশের ভবিষ্যতের স্বার্থে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত।


