আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজারে খেজুর, মাল্টা ও আপেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে এসব ফল আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার। নতুন সিদ্ধান্তের ফলে উন্নতমানের খেজুর আমদানিতে প্রতি কেজিতে সর্বোচ্চ ১০১ টাকা এবং মাল্টা ও আপেলে প্রায় ৫৩ টাকা শুল্ক-কর সাশ্রয়ের সুযোগ তৈরি হয়েছে। সরকারের এ উদ্যোগে রমজানের আগে ফলের বাজারে স্বস্তি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
গত ১৫ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে রমজান উপলক্ষে এসব ফল আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২৩ নভেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে খেজুর আমদানিতে মোট শুল্ক-কর ৪৮ দশমিক ৭৫ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ২৮ দশমিক ৭৫ শতাংশে। এই সুবিধা ইতিমধ্যে কার্যকর হয়েছে এবং আগামী ১০ মার্চ পর্যন্ত বহাল থাকবে।
শুল্ক কমানোর ফলে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যাবে উন্নতমানের খেজুর আমদানিতে। বিশেষ করে আড়াই কেজি পর্যন্ত প্যাকেটজাত উন্নতমানের খেজুরে আগে প্রতি কেজিতে ২৪৬ টাকা শুল্ক-কর দিতে হতো। নতুন হারে তা কমে দাঁড়িয়েছে ১৪৫ টাকায়। অর্থাৎ প্রতি কেজিতে সাশ্রয় হবে ১০১ টাকা।
এ ছাড়া আজওয়া, মাবরুম ও মেডজুলের মতো উন্নতমানের খেজুর আড়াই কেজির বেশি প্যাকেটজাত করে আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে শুল্ক-কর ২৩০ টাকা থেকে কমে ১৩৬ টাকা হয়েছে। এতে কেজিতে সাশ্রয় হচ্ছে ৯৪ টাকা। মধ্যম দামের সুক্কারি, বারহি ও সাফাউই জাতের খেজুরে কেজিপ্রতি শুল্ক-কর ১৪৭ টাকা থেকে কমে প্রায় ৮৬ টাকা হয়েছে।
অন্যদিকে মাল্টা ও আপেল আমদানিতেও উল্লেখযোগ্য হারে শুল্ক-কর কমিয়েছে সরকার। আগে এসব ফল আমদানিতে মোট শুল্ক-কর ছিল ১২১ দশমিক ৭৮ শতাংশ। নতুন সিদ্ধান্তে তা কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বর্তমান শুল্কায়ন মূল্য অনুযায়ী, মাল্টা ও আপেল আমদানিতে প্রতি কেজিতে প্রায় ৫৩ টাকা ৩০ পয়সা সাশ্রয় হবে। তবে এ সুবিধা তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য এ নতুন শুল্কহার কার্যকর থাকবে। ফলে এ দুই ফলের ক্ষেত্রে শুল্কছাড়ের প্রভাব বাজারে দেখতে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম প্রথম আলোকে বলেন, রমজানের আগে শুল্কহার কমানোর সিদ্ধান্ত ইতিবাচক। এতে তিন ধরনের ফলের আমদানি বাড়বে এবং ভোক্তারাও সুফল পাবেন।
তবে আমদানিতে শুল্ক-কর কমলেই খুচরা বাজারে একই পরিমাণে দাম কমবে, এমন নিশ্চয়তা নেই। কারণ আমদানি ব্যয়ের পাশাপাশি পরিবহন, সংরক্ষণ, পাইকারি ও খুচরা পর্যায়ের খরচ এবং ব্যবসায়ীদের মুনাফার ওপরও বাজারদর নির্ভর করে।
সব মিলিয়ে রমজানের আগে খেজুর, মাল্টা ও আপেলের সরবরাহ বাড়ানো এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম রাখতেই সরকারের এ উদ্যোগ। এখন দেখার বিষয়, আমদানিতে শুল্ক-কর কমানোর সুফল কতটা সরাসরি পৌঁছায় সাধারণ ভোক্তাদের কাছে।


