তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণে আজ মঙ্গলবার চতুর্থ সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে আজ দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
সোমবার নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
গতকাল পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। কিন্তু মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান থাকায় নিম্নতম মজুরি বোর্ড ঐকমত্যে পৌঁছাতে না পারায় আজ এ সভা অনুষ্ঠিত হবে।
আজকের সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা মজুরির লিখিত প্রস্তাব নিয়ে আলোচনা হবে। পাশাপাশি এ শিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরির হার নির্ধারণে সুপারিশ প্রণয়ন করা হবে।


