প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে দেশের সাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি, রাষ্ট্র সংস্কার, জুলাই গণ-অভ্যুত্থানের বিচার এবং ভারতের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সংস্কারকে প্রধান আলোচ্যসূচিতে রাখার পরামর্শ দিয়েছে এনসিপি। পাশাপাশি বিদ্যমান সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাবও তুলে ধরেছে দলটি।
বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে এনসিপি। দলটির পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন।
এ ছাড়া আওয়ামী লীগ ও জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করার বিষয়েও আলোচনা হয়েছে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আরও সক্রিয় করার আহ্বান জানান নাহিদ ইসলাম। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় দ্রুত কার্যকর করার দাবিও তুলে ধরেন তিনি।
বৈঠকে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও আলোচনা হয়। নাহিদ ইসলাম বলেন, গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন চুক্তির বিষয়ে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকারকে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।
ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড ও প্রচারণা চালানোর অভিযোগ তুলে এ বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। পাশাপাশি দেশের জন্য একটি দীর্ঘমেয়াদি জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং বাংলাদেশবিরোধী প্রচারণার বিষয়টিও বৈঠকে আলোচনায় আসে। নাহিদ ইসলাম এসব বিষয়ে সরকারের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এনসিপি সন্তুষ্ট কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, বিষয়টি নির্ভর করছে সরকারের পরবর্তী পদক্ষেপের ওপর। আলোচনায় উঠে আসা বিষয়গুলোতে সরকার কার্যকর উদ্যোগ নিলেই বৈঠককে ফলপ্রসূ বলা যাবে।
বৈঠকে উত্থাপিত প্রস্তাব ও দাবিগুলো বাস্তবায়নে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখবে বলে জানিয়েছে এনসিপি।


