এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো একযোগে এ ফল প্রকাশ করে।
শিক্ষা বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার পুনর্নিরীক্ষণের জন্য মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী আবেদন করেন। এসব আবেদনের বিপরীতে ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনরায় যাচাই করা হয়। এতে আবেদনকারীদের মধ্যে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছে।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ফল পরিবর্তনের সংখ্যায় শীর্ষে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। সেখানে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে।
এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮৬০ জন, কুমিল্লা বোর্ডে ৩ হাজার ৬৫ জন, বরিশাল বোর্ডে ২ হাজার ৭৭২ জন এবং দিনাজপুর বোর্ডে ২ হাজার ২৪৮ জনের ফল পরিবর্তন হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম বোর্ডে ২ হাজার ৪৩ জন, যশোর বোর্ডে ১ হাজার ৯০৯ জন, সিলেট বোর্ডে ১ হাজার ৩৫৩ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১ হাজার ১২৮ জনের ফল পরিবর্তন হয়েছে। সবচেয়ে কম ফল পরিবর্তন হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৭৭৯ জন শিক্ষার্থীর ফল সংশোধিত হয়েছে।
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে পুনর্নিরীক্ষণের ফল জানতে পারবেন। পাশাপাশি আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়েছিল। মূল ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় যাচাই শেষে সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে।


