জাহিদুল ইসলাম ডিমলা:
নীলফামারীর ডিমলা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব সারের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে (বিজিবি)।রোববার (২২ নভেম্বর) বিকেলে রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি ও ডিমলা উপজেলার কালীগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে এসব সার জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত সারের মধ্যে রয়েছে- ১৫ বস্তা ইউরিয়া, ৬০ বস্তা ডিএপি এবং ২০ বস্তা এমওপি সার। জব্দকৃত সারগুলোর বৈধ কোনো কাগজপত্র না থাকায় উপজেলা কৃষি কর্মকর্তা তা যাচাই-বাছাই করে অবৈধ বলে ঘোষণা করেন। এ ঘটনায় জব্দকৃত সারের বিষয়ে প্রচলিত আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরে বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ, নারী-শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্তের সুরক্ষা ও যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড রুখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


