মনিরুজ্জামান খান গাইবান্ধা:
গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি মোড় এলাকায় আয়োজিত তিন দিনব্যাপী জেলা ইজতেমা আজ রোববার (২২ নভেম্বর) সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। তাবলিগ জামাতের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় সমাবেশকে ঘিরে জেলাজুড়ে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ইজতেমার শুরু থেকেই বৃষ্টি হানা দিলেও মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সার্বিক আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও সাথীরা। এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং ওই দিন জুমার নামাজে অংশ নিতে ইজতেমা মাঠে মুসল্লিদের ঢল নামে।
দেশি-বিদেশি মুরুব্বিদের বয়ান আয়োজক কমিটি সূত্রে জানা যায়, ইজতেমা শুরুর আগে বৃহস্পতিবার রাতেই ইন্দোনেশিয়া থেকে আসা বিদেশি জামাতের সাথীরা বয়ান করেন। শুক্রবার জুমার নামাজের পর বয়ান করেন ঢাকার কেন্দ্রীয় মারকাজ মসজিদের মুরুব্বি মুফতি ওসামা এবং মাগরিবের নামাজের পর বয়ান করেন মুফতি মনির বিন ইউসুফ।
ঢাকার মারকাজের মুরুব্বিদের পাশাপাশি বিদেশি জামাতের মুরুব্বিরাও পর্যায়ক্রমে বয়ান পেশ করেন।গাইবান্ধা জেলা মারকাজ মসজিদের জিম্মাদার অ্যাডভোকেট রুহুল আমিন জানান, ইজতেমায় অংশ নিতে ইন্দোনেশিয়া ও সুদানসহ কয়েকটি দেশের তাবলিগ জামাতের সদস্যরা বৃহস্পতিবার থেকেই ময়দানে অবস্থান করেন।
আয়োজকরা জানান, মুসল্লিদের সুবিধার্থে মাঠ প্রস্তুত ও প্যান্ডেল নির্মাণের পাশাপাশি অস্থায়ী অজুখানা, টয়লেট, গোসলখানা ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় রাখা হয় জেনারেটরের ব্যবস্থা। জেলার সাতটি উপজেলার পাশাপাশি আশপাশের জেলাগুলো থেকে লক্ষাধিক মুসল্লির সমাগম আশা করা হলেও বৃষ্টির কারণে তুলনামূলক কম মুসল্লি অংশ নেন। বৃষ্টিতে মুসল্লিদের অনেকের বিছানা ভিজে যায়।
তবে তিন চিল্লার সাথী আবুল হাসেম বলেন, “আল্লাহকে রাজি-খুশি করার উদ্দেশ্যে বৃষ্টিকে উপেক্ষা করে ইজতেমা সফল হয়েছে। কীভাবে মানুষ জাহান্নাম থেকে বাঁচবে, মূলত সে জন্যই এই কষ্ট করা।” এক চিল্লার সাথী শাহীন শেখ ও পলাশবাড়ী পৌরসভার তিন চিল্লার সাথী শরিফুল ইসলাম আয়োজনের সার্বিক বিষয়ে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন। ইজতেমার প্রস্তুতি ও নিরাপত্তা প্রসঙ্গে পলাশবাড়ী উপজেলার তাবলিগ জামাতের সাথী মামুনুর রশীদ ও আহসান হাবীব জানান, নিরাপত্তার স্বার্থে তাবলিগ জামাতের পক্ষ থেকে দিনরাত পাহারার ব্যবস্থা রাখা হয়।
পাশাপাশি মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ও যানজট নিরসনে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। মাঠে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে জেলা পুলিশ। এ ছাড়া ইজতেমা ময়দান ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা বসানোর পাশাপাশি পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। ইজতেমার সমাপনী পর্বে বৃষ্টি উপেক্ষা করে দাওয়াত ও তাবলিগের দিকনির্দেশনামূলক বয়ান করেন মুফতি মনির বিন ইউসুফ এবং তিনিই আখেরি মোনাজাত পরিচালনা করেন।


