জাতীয় সংবাদ
স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ফাঁদে পড়েছে আ.লীগ: শফিকুল আলম
নিজস্ব প্রতিবেদক | The Mail BD
আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ না নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের একটি রাজনৈতিক কৌশল ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম। তাঁর দাবি, আওয়ামী লীগ সহিংসতার পথ বেছে নিয়ে নিজেরাই সেই কৌশলের ফাঁদে পা দিয়েছে।
রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের দৃশ্য দেখে অনেকের মনে সরকারের দুর্বলতা কিংবা দলটির রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে ধারণা হতে পারে। তবে তাঁর মতে, বাস্তবে এটি ছিল একটি রাজনৈতিক কৌশলের অংশ।
শফিকুল আলমের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সংসদ সদস্যদের বাড়িসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন। এ ছাড়া থানায় আগুন দেওয়া এবং দাড়ি ও টুপি পরা বাসযাত্রীদের থামিয়ে তাঁদের রাজনৈতিক পরিচয় ও আনুগত্য যাচাইয়ের মতো ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
গোপালগঞ্জের সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব ঘটনায় পাঁচজনের মৃত্যু, বিভিন্ন বাসে অগ্নিসংযোগ এবং পেট্রোল বোমা ও ককটেল হামলার ঘটনা ঘটেছে। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করেছে।
শফিকুল আলম আরও দাবি করেন, সহিংসতা বৃহত্তর গোপালগঞ্জ অঞ্চলের বাইরে উল্লেখযোগ্যভাবে ছড়িয়ে পড়েনি। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ তিন বাহিনীর প্রধানদের গোপালগঞ্জে পাঠান। তবে নিরাপত্তা বাহিনীর বড় ধরনের অভিযান শুরুর আগেই আওয়ামী লীগের তরুণ কর্মীরা অন্য জেলাগুলোতে চলে গেছেন বলে তিনি তাঁর স্ট্যাটাসে উল্লেখ করেন।
এদিকে, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলায় বিরোধী দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার উদ্যোগকেও গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখেছেন শফিকুল আলম। তিনি জানান, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে জামায়াতে ইসলামীর আমির দ্রুত সাড়া দেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করেন। এর পরদিন জামায়াত ও তাদের মিত্ররা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করে।
শফিকুল আলমের মতে, সংসদে থাকা দলগুলোর মধ্যে এই ঐক্যের উদ্যোগ নির্বাচনের পর থেকে বিদ্যমান রাজনৈতিক সমন্বয়ের অভাব কাটিয়ে ওঠার একটি দৃশ্যমান প্রচেষ্টা। এর ফলে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ আরও সীমিত হয়ে এসেছে বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সামনে এখন সহিংসতা বাড়ানো অথবা রাজনৈতিকভাবে ক্রমশ গুরুত্ব হারানোর পরিস্থিতি তৈরি হয়েছে। সহিংসতার মাত্রা বাড়ানোর চেষ্টা করলে দলটি সাধারণ মানুষের কাছ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ বিষয়ে ভারতের অবস্থান নিয়েও নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন শফিকুল আলম।
তাঁর মতে, জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান পুনরুদ্ধারের জন্য আওয়ামী লীগের হাতে রমজান পর্যন্ত সময় রয়েছে। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে এর মধ্যেই ফেরার পথ খুঁজে বের করতে হবে। তবে প্রত্যর্পণ ছাড়া বিএনপি সরকার তাঁকে দেশে ফিরিয়ে নেবে না বলে মন্তব্য করেন তিনি।
ভারতের সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক সম্পর্কের বিষয়েও নিজের ধারণা তুলে ধরেন শফিকুল আলম। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোতে, বিশেষ করে যুক্তরাজ্যে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের আশ্রয় নেওয়ার সম্ভাবনা নিয়েও তিনি মন্তব্য করেন।
স্ট্যাটাসের শেষাংশে ভারতের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক সম্পর্কের সম্ভাব্য পরিবর্তন নিয়েও আলোচনা করেন তিনি। তাঁর এসব বক্তব্য মূলত দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে ব্যক্তিগত বিশ্লেষণ।


