নিজস্ব প্রতিবেদক: মিলনায়তনের সামনের সারিতে সাদা পাঞ্জাবি-টুপি পরা প্রবীণ গ্রাম্য মুরব্বি, পেছনের সারিতে সদ্য কৈশোর পেরোনো তরুণ কর্মী, পাশে উৎকণ্ঠা আর আশার দৃষ্টি নিয়ে বসে থাকা বাজারের ক্ষুদ্র দোকানি এবং পাহাড়-সমতলের গারো, হাজং, হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের সাধারণ মানুষ। মঞ্চের পেছনে টাঙানো বিশাল ব্যানারে লেখা- গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে (কলমাকান্দা-১) দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে ‘কৃতজ্ঞতা ও ধন্যবাদ সভা’।
রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময় থাকলেও দুপুরের দিকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা অডিটরিয়াম। ডায়াসে দাঁড়িয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল যখন কথা বলতে শুরু করলেন, তখন প্রচলিত রাজনৈতিক জনসভার চেনা ছক যেন মুহূর্তেই বদলে গেল। সেখানে ছিল না ক্ষমতার দম্ভ কিংবা নিছক স্তুতিবাক্য; বরং ছিল তৃণমূলের সাধারণ কর্মীদের প্রতি দায়বদ্ধতা, বাজারের উচ্ছেদ হওয়া মানুষের প্রতি সহমর্মিতা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্পষ্ট রূপরেখা।
বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে নির্বাচন ফুরোলেই সাধারণত জয়োৎসব কিংবা সাংগঠনিক বৈঠক বসে প্রভাবশালী ও পদধারী নেতাদের নিয়ে। ভোটকেন্দ্রের ভেতরে বসে সারাদিন রোদ-বৃষ্টি আর ভয়ভীতি উপেক্ষা করে যারা ব্যালট বাক্স পাহারা দেন, সেই পোলিং এজেন্টরা থেকে যান আড়ালে। কিন্তু ব্যারিস্টার কায়সার কামাল হাঁটলেন ঠিক উল্টো পথে। দলের ইউনিয়ন, ওয়ার্ড কিংবা গ্রাম কমিটি গঠনের আগেই তিনি আনুষ্ঠানিকভাবে বসলেন সেই সাধারণ পোলিং এজেন্টদের নিয়ে।
বক্তব্যের শুরুতেই সেই প্রশ্নের জবাব দিয়ে ডেপুটি স্পিকার বলেন, “এজেন্ট একটি ইংরেজি শব্দ, যার বাংলা অর্থ প্রতিনিধি। গত নির্বাচনে আপনারা আজকের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। যেকোনো গণতন্ত্র প্রতিষ্ঠার সবচেয়ে বড় মাধ্যম নির্বাচন, আর সেই নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার মূল দায়িত্ব থাকে অংশগ্রহণকারী দলের এজেন্টদের ওপর। আপনারা যে সাহসিকতা, ধৈর্য ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, সেজন্যই মনে হয়েছে আপনাদের নিয়েই আমার সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে বসা উচিত।”
শুধু আনুষ্ঠানিক ধন্যবাদ দিয়েই দায় সারছেন না তিনি। ঘোষণা দিলেন- কলমাকান্দা ও দুর্গাপুরের আগামী দিনের উন্নয়ন কর্মকাণ্ড, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার পরিকল্পনায় এজেন্টদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়েই এগোতে চান তিনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা বিএনপির প্রবীণ নেতা এম. এ. খায়ের। তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কায়সার কামাল উল্লেখ করেন, শুধু বিএনপি নয়, কলমাকান্দা-দুর্গাপুর অঞ্চলের সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে এম. এ. খায়ের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ অবধি দলের সঙ্গে যুক্ত রয়েছেন। সভায় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এজমল হোসেন পাইলট, উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।
একজন জনপ্রতিনিধির বক্তব্য তখনই সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে যায়, যখন সেখানে তাদের নিত্যদিনের রুটি-রুজির কথা উঠে আসে। সীমান্তবর্তী এই জনপদের বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের কথা ভেবে ডেপুটি স্পিকার ঘোষণা দেন- দেশের অর্থনীতির চালিকাশক্তি গার্মেন্টস শিল্পের কাজ শেখার জন্য কলমাকান্দায় প্রশিক্ষণ স্কুল খুলতে যাচ্ছেন তারা। তার এই ঘোষণায় মুহূর্তেই করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন।
এর পরপরই তিনি স্পর্শ করেন এলাকার সবচেয়ে সংবেদনশীল প্রসঙ্গটি- কলমাকান্দা বাজারে চলমান উচ্ছেদ অভিযান। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মানুষ বাজারে দোকানপাট ভাঙার দৃশ্য দেখেছেন উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামাল অত্যন্ত মানবিক সুরে বলেন, “যে মুষ্টিমেয় কয়েকজনের ঘর বা দোকান ভাঙা হয়েছে, তাদের প্রতি আমি দুঃখ প্রকাশ করছি। যে কাজটি করা হয়েছে, তা বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করেই করা হয়েছে।”
তিনি স্পষ্ট করেন, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে থাকায় যাদের আপাতত সরে যেতে হয়েছে, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। উচ্ছেদ ঠেকাতে কেউ কেউ মামলা-মোকদ্দমা করলেও মহামান্য আদালত বিবেচনা করে দেখেছেন এর কোনো আইনগত ভিত্তি নেই।
ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্দেশে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচনের আগেই কথা দিয়েছিলাম কলমাকান্দা-দুর্গাপুরকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করব। সেই কথা এখনো রাখছি এবং আগামীতেও রাখব।”
স্থানীয় উন্নয়নের বয়ান থেকে ব্যারিস্টার কায়সার কামাল এরপর দৃষ্টি ফেরান সমসাময়িক জাতীয় রাজনীতির উত্তাল প্রেক্ষাপটে। কোনো রাজনৈতিক দলের নাম সরাসরি উচ্চারণ না করে তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সমান অধিকারের গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল। একটি দল কখনোই গণতন্ত্রের চর্চা করেনি; স্বাধীনতার পর বাকশাল, ১৯৯৬ সালে প্রকাশ্যে ‘একটা লাশ ফেললে ১০টা লাশ ফেলে দেওয়ার’ হুমকি, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারকে অস্থিতিশীল করার অপচেষ্টা এবং ২০০৯ পরবর্তী ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর ‘আমি-ডামি’ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছে।
আবেগ ও ক্ষোভের সঙ্গে তিনি বলেন, আজ সেই দলের প্রধান নেত্রীসহ তার সন্তান, ভাই-ভাতিজা ও আত্মীয়স্বজন কেউ বাংলাদেশে নেই। অন্য একটি দেশের সাময়িক আশ্রয়ে বসে, এ দেশের সম্পদ লুট করে লন্ডন, আমেরিকা ও ইউরোপে পাচার করা হাজার হাজার কোটি টাকা খরচ করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও সহিংসতা চালানো হচ্ছে।
সাম্প্রতিক কয়েকটি ঘটনার উদাহরণ টেনে ডেপুটি স্পিকার বলেন, “তাদের প্রতিশোধ পরায়ণতা শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নেই। সুদূর লন্ডনে আমাদের জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাহসী নেতা নাহিদ ইসলামের ওপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। নিউইয়র্কে প্রফেসর ড. ইউনূসের ওপর হামলা হয়েছে। এখন দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা মারা হচ্ছে। আঘাত করা হচ্ছে বাংলাদেশকে বাঁচিয়ে রাখা গার্মেন্টস শিল্পে। এগুলো স্পষ্টতই ‘অ্যাক্ট অব টেরোরিজম’।”
প্রায় ৮০ বছর বয়সী ওই নেত্রীর উদ্দেশে তীক্ষ্ণ অথচ মানবিক প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, “তিনি নিজেও জানেন বাংলাদেশে আর ফিরতে পারবেন না। দেড় মাসে ছোট মাসুম বাচ্চা থেকে শুরু করে কিশোর-কিশোরী ও যুবক-যুবতীসহ এক হাজার ৪০০ মানুষকে গুলি করে হত্যার পরও আজ নাতির বয়সী বা তার চেয়েও ছোট তরুণদের দিয়ে আরেকজন বাংলাদেশির ওপর পেট্রোল বোমা মারাচ্ছেন। তার মনে কি একবারও মায়া আসে না?”
বক্তব্যে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনীতির স্মৃতিচারণ করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, “আমাদের নেত্রী বলেছিলেন- সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই। আমৃত্যু তিনি দেশের এক ইঞ্চি মাটি ছেড়ে যাননি।”
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনায় পাওয়া নতুন বাংলাদেশ বিদেশ থেকে কেউ এসে গড়ে দিয়ে যাবে না উল্লেখ করে তিনি বলেন, “এই দেশ আমাদের, আমরাই গড়ে তুলব- যেখানে আইনের শাসন, নাগরিক অধিকার ও মানবিক মর্যাদা থাকবে। এ দেশে প্রত্যেকের সমান হক আছে; কেউ আশরাফ আর কেউ আতরাফ নয়।” আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির ইন্ধনে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রুখে দিতে মাননীয় প্রধানমন্ত্রীর বৃহত্তর ঐক্যের ডাকে দল-মত-পথ নির্বিশেষে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষ প্রান্তে এসে একজন সংসদ সদস্য বা ডেপুটি স্পিকারের চিরাচরিত গাম্ভীর্য ছেড়ে অত্যন্ত বিনয়ী ও আন্তরিক সুরে কথা বলেন ব্যারিস্টার কায়সার কামাল। মানুষের জীবনে সুযোগ সব সময় আসে না উল্লেখ করে তিনি অকপটে স্বীকার করেন, ব্যক্তিগতভাবে সবার সব আবদার হয়তো তিনি পূরণ করতে পারবেন না- সেজন্য সবার কাছে ক্ষমাও চেয়ে নেন।
তবে বিদায়বেলায় তিনি যে স্বপ্ন এঁকে দেন, তা যেন ছুঁয়ে যায় মিলনায়তনে উপস্থিত কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ী ও তরুণদের হৃদয়- “আমি হয়তো ব্যক্তিগতভাবে অনেকের অনেক কিছু করতে পারব না। কিন্তু আপনার সন্তানের জন্য, আপনার ছোট ভাইয়ের জন্য নিরাপদ, সুন্দর ও মানবিক কলমাকান্দা গড়ে তুলব ইনশাআল্লাহ- যেখানে আমার হিন্দু, মুসলমান, গারো, হাজং সবাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করতে পারি।”


