লোকমান হাফিজ, সিলেট বাংলাদেশ সফরের অংশ হিসেবে সিলেটে অবস্থান করছেন পর্তুগালের ঐতিহাসিক রাজপরিবারের সম্মানিত সদস্য রাজকুমারী ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগান্সা, ডাচেস অব কোয়েমব্রা। তাঁর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ব্যবসায়ীদের এক মিলনমেলা ও নৈশভোজের আয়োজন করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) সিলেটের এয়ারপোর্ট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ রাজকুমারী ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগান্সা। এ সময় স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা, ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ ও মহানগর ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নৈশভোজের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মিলনমেলায় বাংলাদেশ ও পর্তুগালের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাংস্কৃতিক বন্ধনের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। উল্লেখ্য, ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করছেন পর্তুগালের ঐতিহাসিক রাজপরিবারের সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগান্সা।
ব্রাগাঞ্জা পরিবারের সদস্য হিসেবে তিনি পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত। তাঁর বাংলাদেশ সফরের অন্যতম উদ্দেশ্য হলো ‘গ্লোবাল ফেয়ার পে চার্টার’-এর প্রতি সমর্থন জানানো। এটি বিশ্বজুড়ে শ্রমিকদের জন্য ন্যায্য ও মর্যাদাপূর্ণ মজুরি নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত একটি আন্তর্জাতিক উদ্যোগ। এ ছাড়া বাংলাদেশের চায়ের ঐতিহ্য ও আন্তর্জাতিক বাজারে এর সম্ভাবনা তুলে ধরাও সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
সফরকালে লন্ডন টি এক্সচেঞ্জের নতুন চা সংগ্রহ ‘সিলেট টি’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। গত আন্তর্জাতিক চা দিবসে সিলেট চা সংগ্রহের ‘ব্রাগাঞ্জা ব্লেন্ড’ পর্তুগিজ রাজপরিবারের আনুষ্ঠানিক চা হিসেবে উপস্থাপন করা হয়েছিল।
রাজকীয় ঐতিহ্য, ব্যবসায়িক সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময় ও মানবিক উদ্যোগকে ঘিরে পর্তুগিজ রাজকুমারীর এই বাংলাদেশ সফর সিলেটের আন্তর্জাতিক পরিচিতি এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


