কেন্দুয়া প্রতিনিধি: গ্রামীণ জনপদের চেনা পথটির চেহারা বদলে গেছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পাছহার বড়বাড়ী গ্রামের যে সড়কের দুই পাশে ছোট-বড় অর্ধশতাধিক গাছ দাঁড়িয়ে ছিল, সেখানে এখন কেবল শূন্যতা আর কাটা গাছের স্মৃতি। হঠাৎ করেই একে একে কেটে নেওয়া হয়েছে রাস্তার দুই পাশের গাছগুলো। কিন্তু এই বিশাল কর্মযজ্ঞের নেপথ্যে কারা, কাদের নির্দেশে করাত চলল, আর আদৌ গাছ কাটার কোনো বৈধ অনুমতি ছিল কি না- এসব মৌলিক প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর মিলছে না।
হঠাৎ এভাবে অর্ধশতাধিক গাছ উজাড় হয়ে যাওয়ায় পাছহার বড়বাড়ী গ্রামসহ আশপাশের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে। ঘটনার পরপরই বিষয়টি নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও প্রশ্নের জন্ম হলেও প্রকৃত সত্য এখনো আড়ালেই রয়ে গেছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি গত এক সপ্তাহের মধ্যে পাছহার বড়বাড়ী গ্রামের শাহীন মিয়াসহ কয়েকজন মিলে রাস্তার দুই পাশের ছোট-বড় অর্ধশতাধিক গাছ কেটে নিয়ে যান। প্রকাশ্যে এতগুলো গাছ কেটে নেওয়ার ঘটনায় এলাকাবাসী হতবাক হয়ে পড়েন। স্থানীয়দের অভিযোগ, গাছ কাটার বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই একটি মহল পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে, কাটা পড়া গাছগুলোর প্রকৃত মালিকানা নিয়েও তৈরি হয়েছে গভীর ধোঁয়াশা। গাছগুলো সরকারি সম্পত্তি, রাস্তার নিজস্ব গাছ, নাকি ব্যক্তি মালিকানাধীন- তা এখনো পরিষ্কার নয়। মালিকানা ও অনুমতির বিষয়টি স্পষ্ট হওয়ার আগেই গাছগুলো সরিয়ে নেওয়ায় জনমনে সন্দেহ আরও বেড়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে পাছহার বড়বাড়ী গ্রামের শাহীন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
গাছ কাটার বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সমাধানের বদলে সামনে এসেছে দুই উপজেলার সীমানা-সংক্রান্ত এক নতুন জটিলতা। গত বৃহস্পতিবার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন নওপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আব্দুল জলিল। পরিদর্শন শেষে তিনি জানান, গাছ কাটার জায়গাটির মৌজা পড়েছে পাশের মদন উপজেলায়; কিন্তু প্রশাসনিক এলাকা হিসেবে জায়গাটি কেন্দুয়া উপজেলার অন্তর্ভুক্ত।
নায়েবের এমন বক্তব্যের পর কেন্দুয়া উপজেলা প্রশাসনের প্রাথমিক অবস্থান নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। এ বিষয়ে কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী জানান, ঘটনাটি জানার পর তিনি নওপাড়া ইউনিয়নের নায়েবকে ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। নায়েবের দেওয়া পরিদর্শন প্রতিবেদনে ঘটনাস্থল মদন উপজেলায় বলে জানানো হয়েছিল। সে কারণে মদন উপজেলা প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি উল্লেখ করেন।
একদিকে ভূমি কর্মকর্তা বলছেন মৌজা মদন উপজেলায় হলেও প্রশাসনিক এলাকা কেন্দুয়ার; অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব মদন উপজেলার ওপর ন্যস্ত করার কথা বলা হচ্ছে। পরস্পরবিরোধী বা দ্বৈত অবস্থানের কারণে পুরো বিষয়টি অদ্ভুত জটিলতায় আটকে গেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে- এই ঘটনার তদন্ত আসলে কোন উপজেলা প্রশাসন করবে? গাছ কাটার অনুমতি দেওয়ার এখতিয়ার কার ছিল এবং কাটা গাছের বৈধতা যাচাইয়ের দায়িত্বই বা কে নেবে?
প্রশাসনিক টানাপোড়েন দেখে হতাশ ও ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীর প্রশ্ন, দুই উপজেলার সীমানা-সংক্রান্ত জটিলতার সুযোগ নিয়েই কি নির্বিঘ্নে রাস্তার দুই পাশের অর্ধশতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে? প্রশাসনিক নজরদারির ফাঁকফোকর কাজে লাগিয়ে কেউ পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে কি না, তা নিয়েও এলাকায় চলছে জোর আলোচনা।
পাছহার বড়বাড়ী গ্রামের সাধারণ মানুষের স্পষ্ট দাবি, সীমানার জটিলতার অজুহাতে ঘটনাটি যেন কোনোভাবেই চাপা না পড়ে। কেন্দুয়া ও মদন- সংশ্লিষ্ট দুই উপজেলা প্রশাসনের সমন্বয়ে দ্রুত সরেজমিনে তদন্ত পরিচালনা করা হোক। সেই নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই প্রকাশ্যে আসুক গাছগুলোর প্রকৃত মালিকানা, কাটার বৈধ অনুমতি ছিল কি না এবং কারা এর সঙ্গে জড়িত- তবেই স্পষ্ট হবে গাছ কাটার পেছনের প্রকৃত ঘটনা।


