নিজস্ব প্রতিবেদক: রাজনীতির মাঠে উত্তাপ আর প্রতিহিংসার চিরচেনা বৃত্ত ভেঙে শান্ত ও স্থিতিশীল জনপদের প্রত্যাশা সাধারণ মানুষের। খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে ব্যবসায়ী, শিক্ষক কিংবা শিক্ষার্থী- সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষই চান জানমালের নিরাপত্তা ও স্বস্তির পরিবেশ। ঠিক এমন এক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে সরকারি স্থাপনা ও জনসম্পদে অগ্নিসংযোগের ঘটনা জনমনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সেই উদ্বেগের বিপরীতে নেত্রকোনার রাজপথে দেখা গেল ভিন্নমাত্রার রাজনৈতিক ও সামাজিক সমীকরণ- যেখানে সহিংসতার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারির পাশাপাশি উচ্চারিত হলো সাধারণ কর্মীদের প্রতি মানবিক সতর্কবার্তা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদলীয় ঐক্যের ডাক।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা নেত্রকোনা কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণে ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য, নেত্রকোনা’র ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই বার্তা উঠে আসে। ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশব্যাপী সহিংসতা, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য এবং ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও নেত্রকোনা জেলা সদস্য সচিব গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আনোয়ারুল হক।
মেঘলা আকাশ আর বৃষ্টিভেজা দুপুরে জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে জড়ো হন শত শত মুসল্লি ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। হাতে ব্যানার ও মুখে প্রতিবাদী স্লোগান থাকলেও পুরো সমাবেশজুড়ে ছিল শৃঙ্খলাবদ্ধ পরিবেশ। বক্তব্যের শুরুতে বেশ সংযত সুরেই কথা বলছিলেন সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক। তিনি নিজেই উল্লেখ করেন, জুমার নামাজের পর পবিত্র দিনে তিনি কঠোর কোনো কথা বলতে চাননি; কিন্তু দেশের চলমান পরিস্থিতি ও নাশকতার প্রেক্ষাপটে আজ তাকে স্পষ্ট ভাষায় অবস্থান জানাতে হচ্ছে।
সাম্প্রতিক অগ্নিসন্ত্রাস ও নাশকতার চিত্র তুলে ধরে প্রধান অতিথি জানান, দেশের বিভিন্ন স্থানে সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করে যারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বিশেষ করে গোপালগঞ্জে তিনজন সংসদ সদস্যের বাড়িঘরে অগ্নিসংযোগ, অফিস পোড়ানো এবং রেললাইনের স্লিপারে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
গত ৫ আগস্টের পটপরিবর্তন ও নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সহনশীলতার প্রসঙ্গ টেনে জেলা বিএনপির এই সভাপতি বলেন, “গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের লোকজন সুখে-শান্তিতে বসবাস করছিল। সরকার দলের পক্ষ থেকে কিংবা বর্তমানে যারা বিরোধী দলে আছেন, তাদের কেউই আওয়ামী লীগের কারও বাড়িঘরে হামলা বা জ্বালাও-পোড়াও করেননি। নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপি অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। কিন্তু কেউ কেউ আমাদের ধৈর্যকে দুর্বলতা মনে করেছে।”
প্রতিপক্ষকে সতর্ক করে দিয়ে তিনি আরও বলেন, “তাদের মনে রাখা উচিত, গোপালগঞ্জ ছাড়াও নেত্রকোনাসহ সারা বাংলাদেশে তাদের দোসরদের বাড়িঘর রয়েছে। আগুন খেলা, সন্ত্রাস ও জ্বালাও-পোড়াও যদি এখনই বন্ধ না করা হয়, তবে তারা এবং তাদের স্বজনেরা কেউ আর স্বস্তিতে ঘরে থাকতে পারবেন না। এখনো সময় আছে, সাবধান হয়ে যান। আমরা এখনো ধৈর্য ধরে আছি এবং আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে।” সংসদ সদস্যের বক্তব্যের সময় উপস্থিত জনতার মধ্য থেকে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে জোরালো স্লোগান ওঠে।
রাস্তা, যানবাহন ও মানুষের বাড়িঘরে আগুন দেওয়াকে কোনোভাবেই রাজনৈতিক কর্মসূচি হিসেবে মানতে নারাজ ডা. আনোয়ারুল হক। তার মতে, এটি কোনো রাজনৈতিক সংগঠনের কাজ হতে পারে না- বরং সরাসরি জঙ্গিবাদী ও সন্ত্রাসী তৎপরতা।
বিগত দেড় দশকের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে বর্তমান সময়ের তুলনা টেনে তিনি প্রতিপক্ষের উদ্দেশে বলেন, “গত ১৭ বছর আপনারা পুলিশ, র্যাবসহ বিভিন্ন বাহিনী দিয়ে আমাদের প্রতিহত করার চেষ্টা করেছেন। এখন আমরা পুলিশ নিয়ে রাস্তায় নামিনি; নিজেদের দলের লোকজন নিয়েই ধারাবাহিক কর্মসূচি পালন করছি। আপনাদের যদি সত্যিকারের শক্তি থাকে, তবে গুপ্ত হামলা ও অগ্নিসংযোগ বাদ দিয়ে সাহস করে রাস্তায় নামুন।”
গোপালগঞ্জকে কেন্দ্র করে সারা দেশে প্রভাব বিস্তারের চেষ্টাকে ‘বোকার স্বর্গে বাস করা’র সঙ্গে তুলনা করেন সংসদ সদস্য। একই সঙ্গে বিরোধী পক্ষের মাঠপর্যায়ের সাধারণ কর্মী-সমর্থকদের প্রতি মানবিক ও বাস্তববাদী আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের নেত্রী, মন্ত্রী-এমপি ও বড় নেতাদের কেউই আজ মাঠে নেই। তারা নিরাপদে থেকে সহজ-সরল অনুসারীদের রাস্তায় নামিয়ে ধোঁকা দিচ্ছেন। তাদের ফাঁদে পা দিয়ে নিজেদের জীবন ও পরিবারকে নষ্ট করবেন না। আপনার নেত্রীর সাহস থাকলে আগে দেশে আসুন, তারপর আপনারা রাস্তায় নামুন।”
সমাবেশে কেবল নাশকতাকারীদের হুঁশিয়ারিই নয়, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় দল-মত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়। ডা. আনোয়ারুল হক অভিযোগ করেন, ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়ন করে গত ১৭ বছরের মতো বাংলাদেশকে আবারও ‘করদ রাজ্যে’ পরিণত করতে চায়।
তিনি বলেন, “এটা শুধু আপনার বা আমার ব্যক্তিগত স্বার্থের বিষয় নয়, এটি পুরো দেশের স্বার্থ। দেশকে করদ রাজ্যে পরিণত হওয়ার হাত থেকে রক্ষা করতে হলে, মানুষের জানমালের নিরাপত্তা বজায় রাখতে হলে এবং জাতীয়তাবাদী শক্তি ও তৌহিদী জনতাকে টিকিয়ে রাখতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। বিগত দিনে আমরা যেভাবে দল-মত ভুলে একসঙ্গে ছিলাম, আজও আমাদের সেভাবেই রাজপথে থাকতে হবে। তবেই আমরা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারব।” এ প্রতিবাদ কর্মসূচি আয়োজনের জন্য তিনি খেলাফত আন্দোলনসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান।
নেত্রকোনা বড় জামে মসজিদ প্রাঙ্গণের সমাবেশের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল ভিন্ন ভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় ধারার নেতৃবৃন্দের একই ব্যানারে অবস্থান। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেত্রকোনা জেলা আহ্বায়ক মুফতী আব্দুল বারী, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ আবুল বাশার হাদী, ইসলামী ঐক্যজোটের জেলা সভাপতি মাওলানা শরিফ উদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক মাওলানা আবু সায়েম খান।
এ ছাড়াও সংহতি জানিয়ে অংশ নেন জেলা এনসিপি নেতা ইমন কায়েস শুভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুহাম্মদ আব্দুল গাফফার, জেলা হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি সজীব সরকার রতন এবং খেলাফত মজলিসের (ইসহাক গ্রুপ) মুফতি আব্দুল্লাহ। খেলাফত আন্দোলনের জেলা নেতা হাফেজ জাকির হোসাইন, মুফতি আরিফুল ইসলাম, মাওলানা হোসাইন আহমাদ ও ছাত্রনেতা হাফেজ আব্দুল মোতালিবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেন।
সমাবেশের অন্যান্য বক্তারাও দেশের শান্তি-শৃঙ্খলা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জুমার নামাজ-পরবর্তী বৃষ্টিভেজা শহরের বাতাসে সেদিন প্রতিধ্বনিত হয়েছে স্পষ্ট সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকার- যেকোনো ধরনের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্র রুখতে নেত্রকোনার সাধারণ মানুষ ও ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো আর বিচ্ছিন্ন নয়, বরং ঐক্যবদ্ধ প্রহরায় প্রস্তুত।


