সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে তাঁর বিরুদ্ধে গুরুতর রাজনৈতিক অভিযোগ তুলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি দাবি করেছেন, নিজেদের দলের নেতাকর্মীদের মৃত্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছেন শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সোহেল তাজ এসব মন্তব্য করেন।
পোস্টে সোহেল তাজ লেখেন, সাবেক প্রধানমন্ত্রী নিজের দলের নেতাকর্মীদের মৃত্যু ব্যবহার করে দেশে আরও অরাজকতা সৃষ্টি এবং সরকার পতনের পরিকল্পনা করছেন। তাঁর অভিযোগ, সাম্প্রতিক সময়ে দেওয়া বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এমন পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে, যাতে প্রাণহানির ঘটনা ঘটে।
সোহেল তাজ আরও অভিযোগ করেন, শেখ হাসিনার প্রায় দেড় দশকের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীরা নির্যাতন, নিপীড়ন, গুম ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ছাড়া সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করা এবং লুটপাটের অভিযোগও তোলেন তিনি।
তিনি আরও দাবি করেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর বিদেশে অবস্থান করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন শেখ হাসিনা। এর মাধ্যমে দেশে ফিরে রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নিজের পোস্টের শেষাংশে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন সোহেল তাজ।


