দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং মহান বিজয় দিবস উপলক্ষে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সংবাদ সম্মেলনে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাকশিল্পের সংকট এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব বিষয়ে সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের চলমান পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলা করতে না পারলে সংকট আরও ঘনীভূত হতে পারে। তিনি সহিংসতার পরিবর্তে নিয়মতান্ত্রিকভাবে রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলার কথা জানান।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ২১ নভেম্বর ঢাকায় সমাবেশ ও মিছিল, ২৫ নভেম্বর ১১টি মহানগরীতে সমাবেশ, ২৬ নভেম্বর জেলা সদরে এবং ৩০ নভেম্বর উপজেলা ও থানা পর্যায়ে সমাবেশ ও মিছিল।
এ ছাড়া ২ ডিসেম্বর পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনা সভা, ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ৯ ও ১০ ডিসেম্বর দুর্নীতিবিরোধী ও মানবাধিকার দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি রয়েছে।
বিজয়ের মাস উপলক্ষে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এবং ১৬ ডিসেম্বর রাজধানীসহ দেশব্যাপী বিজয় র্যালির আয়োজন করবে দলটি।
এ ছাড়া ডিসেম্বরের শেষ সপ্তাহে দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়ার পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং বিজয়ের মাসকে কেন্দ্র করে এসব কর্মসূচি ধারাবাহিকভাবে পালন করা হবে।


