নিজস্ব প্রতিবেদক: গ্রামের সাধারণ কৃষক কিংবা প্রান্তিক ভূমিমালিক- জমিজমা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে তাদের ভরসার জায়গা ইউনিয়ন ভূমি কার্যালয়। নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা এলাকায় অবস্থিত কার্যালয়টিও দীর্ঘদিন ধরে এলাকার সর্বস্তরের মানুষের দৈনন্দিন সেবার প্রাণকেন্দ্র হয়ে আছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর( সকাল হতেই সেই চেনা কার্যালয়টি ঘিরে ছড়িয়ে পড়ে উদ্বেগ আর বিস্ময়ের খবর। ভোরের আলো ফোটার আগেই কে বা কারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে জনসেবামূলক সরকারি এই দপ্তরটিতে।
ঘটনার পরপরই অগ্নিসংযোগের ২০ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে। ফচিকার গ্রাম্য জনপদ থেকে শুরু করে নেত্রকোনার হাটবাজার, চায়ের দোকান- সবখানেই নানা শ্রেণি-পেশার মানুষের মুঠোফোনে ঘুরতে থাকে ভিডিওটি। একটি সরকারি সেবা প্রতিষ্ঠানে এমন নাশকতার দৃশ্য দেখে সাধারণ মানুষের মনে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ, আতঙ্ক আর নানা প্রশ্ন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ২০ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপটিতে ফুটে উঠেছে ভোর রাতের অন্ধকারে অগ্নিসংযোগের ভয়াবহ চিত্র। কার্যালয়ের বাইরের দিক থেকে জানালার গ্রিলের ফাঁক দিয়ে ধারণ করা ভিডিওটির শুরুতে অন্ধকার কক্ষের ভেতরের চেয়ার-টেবিল দেখা যায়। পরক্ষণেই কক্ষের মেঝে ও আসবাবপত্রের নিচে আগুনের ছোট্ট একটি শিখা নজরে আসে।
দেখতে দেখতেই সেই শিখা রূপ নেয় দাউদাউ আগুনে। ভিডিওতে দেখা যায়, জানালার ওপারে কক্ষের ভেতরে থাকা লাল কাপড়ে ঢাকা টেবিল, কাঠ ও প্লাস্টিকের চেয়ার এবং টেবিলের ওপর রাখা কম্পিউটার মনিটরের আশপাশে তীব্র বেগে আগুন ছড়িয়ে পড়ছে। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে লেলিহান শিখায় পুরো কক্ষটি আলোকিত হয়ে ওঠে এবং আগুনের তীব্রতা ওপরের দিকে উঠতে থাকে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে ফচিকা এলাকায় তখনো গভীর ঘুমের নিস্তব্ধতা বিরাজ করছিল। ঠিক সেই সুযোগেই অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কাইলাটি ইউনিয়ন ভূমি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। নির্জন ভোরে সরকারি ভবনটিতে আগুন জ্বলতে দেখে বিষয়টি প্রথমে নজরে আসে আশপাশের বাসিন্দাদের।
আগুনের খবর ছড়িয়ে পড়তেই কোনো কালক্ষেপণ না করে ঘর ছেড়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এলাকার মানুষ। তাদের সম্মিলিত ও তাৎক্ষণিক চেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্থানীয়দের সময়োপযোগী ও সাহসী তৎপরতার কারণে পুরো কার্যালয়টি বড় ধরনের ধ্বংসযজ্ঞের হাত থেকে রক্ষা পায়। তবে আগুন পুরোপুরি নেভানোর আগেই কার্যালয়ের ভেতরের আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে পেট্রোল রাখার বোতল জব্দ করেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বোতলে করেই ঘটনাস্থলে পেট্রোল নিয়ে এসেছিল। জব্দ করা আলামতটি ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করবে।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ভোররাতে কে বা কারা কাইলাটি ইউনিয়নের ফচিকা এলাকায় অবস্থিত ভূমি কার্যালয়টিতে আগুন লাগিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা গিয়ে আগুন নেভান। আগুনে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রোল রাখার বোতল জব্দ করেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
জনসাধারণের দৈনন্দিন ভূমি-সংক্রান্ত সেবার সঙ্গে সরাসরি যুক্ত প্রতিষ্ঠানে ভোরের আঁধারে এমন অগ্নিসংযোগের ঘটনায় ফচিকাসহ পুরো কাইলাটি ইউনিয়নের মানুষের মধ্যে চাপা ক্ষোভ ও শঙ্কা বিরাজ করছে। এলাকার সচেতন মহলের প্রত্যাশা- সঠিক ও দ্রুত তদন্তের মাধ্যমে কারা, কী উদ্দেশ্যে ঘটনা ঘটিয়েছে তা উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হোক এবং সরকারি দপ্তরগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হোক।


