যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন। তার অভিযোগ, বাংলাদেশে তার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা ও বিচারপ্রক্রিয়ার কারণে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি।
সম্প্রতি ‘পলিটিকস আনলিশড’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে টিউলিপ সিদ্দিক এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার সম্ভাবনা নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন। একজন অভিজ্ঞ আইনজীবী তাকে জানিয়েছেন, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার ভিত্তি থাকতে পারে।
টিউলিপের বিরুদ্ধে অভিযোগ ছিল, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করে পরিবারের জন্য সরকারি প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছিলেন। এ ঘটনায় করা মামলায় বাংলাদেশের একটি আদালত তার অনুপস্থিতিতে তাকে দুই বছরের কারাদণ্ড দেন। তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ।
পডকাস্টে টিউলিপ দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত জানতে আইনজীবীদের মাধ্যমে বাংলাদেশের সরকারের কাছে একাধিকবার চিঠি পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। এমনকি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি সাক্ষাতের চেষ্টা করেছিলেন বলেও জানান তিনি।
এদিকে, ড. ইউনূসের বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপের বিষয়ে টিউলিপের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে ড. ইউনূসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
টিউলিপ আরও জানান, এ বিতর্কের সময় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে সমর্থন জানিয়েছিলেন। তবে তাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক সরকারের কার্যক্রমে প্রভাব ফেলছিল বলে মনে হওয়ায় শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
তবে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি টিউলিপ সিদ্দিক। বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।


