দেশে সন্ত্রাস, সাইবার অপরাধ, সাশকতা সৃষ্টি, পরিকল্পনাকারী, অর্থ প্রদান, হত্যা, মাদক ব্যবসাসহ ভয়ংকর অপরাধের সঙ্গে জড়িত পর্দার আড়ালে থাকা মূল হোতাদের ধরতে তৎপরতা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অপরাধ দমনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা গোয়েন্দা তথ্য সংগ্রহ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, আর্থিক লেনদেন বিশ্লেষণ, ডিজিটাল ফরেনসিক, নজরদারি এবং সমন্বিত অভিযান পরিচালনার মাধ্যমে মূল হোতাদের ধরতে তৎপরতা চালাচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বাসসকে বলেন, কারো বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেলে তাকে গ্রেফতার করা হচ্ছে। সে অপরাধের পরিকল্পনাকারী হোক আর অর্থদাতা হোক কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আইনের চোখে সবাই সমান।
পুলিশ জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে। অপরাধের পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা, সংগঠক, সহযোগী ও পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনার লক্ষ্যে সন্দেহভাজন ব্যক্তি ও অপরাধী নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহের ওপর জোর দেওয়া হয়েছে।
এছাড়াও মাদক উৎপাদন, সংগ্রহ, পরিবহন ও বিতরণের সঙ্গে যুক্ত নেটওয়ার্ক চিহ্নিত করে অভিযান পরিচারনা করা হচ্ছে। মাদক ব্যবসার অর্থ কোথায় জমা হচ্ছে এবং কারা তা নিয়ন্ত্রণ করছে তা তদন্ত করা হচ্ছে। কম্পিউটার, মোবাইল ফোন, সার্ভার ও অন্যান্য ডিজিটাল ডিভাইস থেকে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। ভুয়া অ্যাকাউন্ট, প্রতারণামূলক প্রোফাইল ও অনলাইন অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, অনলাইন প্রতারণা, আর্থিক জালিয়াতি ও অবৈধ অর্থ স্থানান্তরের উৎস অনুসন্ধান, ইন্টারনেট সেবা প্রদানকারী, ব্যাংক, মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়, বিদেশে অবস্থানরত সাইবার অপরাধী শনাক্ত করতে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নেওয়া, অপরাধের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ও পারস্পরিক যোগাযোগের প্রমাণ বিশ্লেষণ করতে স্থানীয় পুলিশ, গোয়েন্দা বিভাগ, সিআইডি, পিবিআই ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার মধ্যে তথ্য বিনিময় করে সমন্বিত তদন্ত করার পরিকল্পনা করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) কামারুম মুনিরা বাসসকে বলেন, মাদক ব্যবসা, সাইবার অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের নেপথ্যে যারা অর্থায়ন, পরিকল্পনা বা সহযোগিতা করে, তাদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। গত ১ মে থেকে এসব অপরাধ নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে, যা চলমান রয়েছে।
অপরাধের শিকড় নির্মূলে শুধু অপরাধী নয়, নেপথ্যের হোতাদেরও আইনের আওতায় আনা হবে।
অপরাধ বিশেষজ্ঞদের মতে এতে মাঠ পর্যায়ের অনেক অপরাধী গ্রেফতার হচ্ছে। কিন্তু অপরাধে যারা অর্থের জোগান দেয়, পরিকল্পনা তৈরি করে ও অপরাধীদের নিয়ন্ত্রণ করে নেপথ্যের এসব কারিগররা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে অপরাধ নির্মুল করা সম্ভব হচ্ছে না।
তাদের মতে, কোনো অপরাধ সংঘটিত হলে তদন্তের শুরুতে গুরুত্ব পায় সরাসরি জড়িত ব্যক্তিরা। যারা হামলা চালায়, ভয়ভীতি দেখায়, অর্থ আদায় করে কিংবা অপরাধ সংঘটনের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকে, তারাই প্রথমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। কিন্তু তাদের পেছনে কারা রয়েছে, কারা নির্দেশনা দিয়েছে এবং কারা অপরাধের মাধ্যমে আর্থিক সুবিধা পেয়েছে এসব প্রশ্নের উত্তর অনেক সময় অজানাই থেকে যায়।
এছাড়া অনেক ক্ষেত্রে অপরাধীরা গ্রেফতার হওয়ার পরও নেপথ্যে থাকা ব্যক্তিদের পরিচয় প্রকাশ করে না। আবার সাক্ষীদের ভয়ভীতি দেখানো, প্রমাণ নষ্ট করা কিংবা তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগও সামনে আসে। ফলে অপরাধের মূল পরিকল্পনাকারীরা নিরাপদ দূরত্বে থেকে নিজেদের প্রভাব ও অর্থনৈতিক অবস্থান অক্ষুণ্ন রাখে। এই নেপথ্যের হোতাদের আইনের আওতায় আনার জোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. রেজাউল করিম সোহাগ রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, অপরাধের পেছনে গড়ে উঠেছে সংঘবদ্ধ নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে রয়েছে পরিকল্পনাকারী, অর্থদাতা, তথ্য সরবরাহকারী। তারা প্রভাবশালী এবং তাদের অনেকে বিদেশে বসে অপরাধ সংঘটিত করেন। সে কারণে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধরতে পারছেন না। কিছু কিছু ঘটনায় নেপথ্যের অপরাধীরা ধরা পড়লেও সহজে ছাড়া পেয়ে যাচ্ছে। ফলে অপরাধ আরও বৃদ্ধি পাচ্ছে। সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরও কঠোর হতে হবে। তিনি বলেন, পর্দার আড়ালে থাকা ভয়ংকর অপরাধীদের মুখোশ উন্মোচন এবং তাদের আইনের আওতায় আনাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
অপরাধ বিশেষজ্ঞদের মতে, অপরাধ জগতের অন্যতম চালিকাশক্তি অর্থ। চাঁদাবাজি, অবৈধ দখল, প্রতারণা, জালিয়াতি কিংবা বিভিন্ন ধরনের সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ অনেক সময় নতুন অপরাধের অর্থায়নে ব্যবহৃত হয়। অপরাধের অর্থনৈতিক সুবিধাভোগীদের শনাক্ত করা না গেলে অপরাধের শিকড় উপড়ে ফেলা কঠিন। এ ছাড়া রাজনৈতিক, সামাজিক কিংবা প্রশাসনিক প্রভাব খাটানোর অভিযোগও বিভিন্ন অপরাধের ঘটনায় আলোচনায় আসে। তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত ও নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ। কারও পরিচয় বা প্রভাবের কারণে যেন তদন্ত বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
তাদের মতে, অপরাধের সবচেয়ে বড় শিকার সাধারণ মানুষ। একজন ব্যবসায়ী চাঁদাবাজির শিকার হলে তিনি ব্যবসার নিরাপত্তা হারান। এছাড়া একজন সাধারণ নাগরিক প্রতারণার শিকার হলে তিনি সারা জীবনের সঞ্চয় হারান। সহিংস অপরাধের ঘটনায় কখনো কোনো পরিবার হারায় প্রিয়জনকে। এসব ঘটনার পর ভুক্তভোগী পরিবারকে শুধু ক্ষতির বোঝাই বহন করতে হয় না, অনেক ক্ষেত্রে দীর্ঘ আইনি প্রক্রিয়া, সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ এবং নিরাপত্তাহীনতার মধ্য দিয়েও যেতে হয়।
অপরাধীরা যদি বুঝতে পারে যে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও শেষ পর্যন্ত পার পাওয়া সম্ভব, তাহলে অপরাধের প্রবণতা আরও বেড়ে যায়। অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে তদন্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার, আর্থিক লেনদেনের অনুসন্ধান, সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত বিচারপ্রক্রিয়া কার্যকর করা প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত অপরাধের পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা এবং এর প্রকৃত সুবিধাভোগীদের শনাক্ত করা না যাবে, ততক্ষণ পর্যন্ত অপরাধের চক্র ভাঙা কঠিন।


