নতুন জেমস বন্ড চলচ্চিত্রে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনকে ঘিরে আলোচনার পর এবার সামনে এসেছে তাঁর বিপরীতে অভিনয় করতে পারেন—এমন তিন হলিউড অভিনেত্রীর নাম। আলোচনায় রয়েছেন মার্গারেট কোয়ালি, আনিয়া টেলর-জয় ও ফ্লোরেন্স পিউ।
তবে তাঁদের কাউকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নতুন বন্ড গার্ল হিসেবে ঘোষণা করা হয়নি।
নতুন এই বন্ড চলচ্চিত্র পরিচালনা করবেন ‘ডিউন’খ্যাত ডেনি ভিলনেভ। চিত্রনাট্য লেখার দায়িত্বে রয়েছেন স্টিভেন নাইট। প্রযোজনায় থাকছেন অ্যামি প্যাসকাল ও ডেভিড হেইম্যান।
নতুন সিনেমাটি পরিচালনার পাশাপাশি ভিন্ন আঙ্গিকে জেমস বন্ড সিরিজকে উপস্থাপনের পরিকল্পনা করছেন ভিলনেভ। ফলে নতুন বন্ডের নারী চরিত্র নিয়েও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন ও সম্ভাব্য কাস্টিং নিয়ে বিভিন্ন আলোচনায় মার্গারেট কোয়ালিকে এগিয়ে রাখা হচ্ছে। পাশাপাশি আলোচনায় রয়েছেন সিডনি সুইনি, জেনডায়া, আনিয়া টেলর-জয় ও ফ্লোরেন্স পিউ। তবে এসব নাম এখনো সম্ভাবনার পর্যায়েই রয়েছে।
১৯৬২ সালে ‘ডক্টর নো’ চলচ্চিত্রের মাধ্যমে বন্ড গার্ল চরিত্রের যাত্রা শুরু হয়। সময়ের সঙ্গে এই চরিত্রের ধরনেও এসেছে পরিবর্তন। একসময় যেখানে নারী চরিত্রগুলো মূলত বন্ডের প্রেমিকা হিসেবে পরিচিত ছিলেন, বর্তমানে তাঁদের দেখা যায় দক্ষ গোয়েন্দা ও গুরুত্বপূর্ণ অ্যাকশন চরিত্রেও।
নতুন জেমস বন্ড চলচ্চিত্রে এই পরিবর্তনের ধারাবাহিকতা কতটা বজায় থাকে, এখন সেটিই দেখার অপেক্ষা।


