সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে ১২ লাখ ৮ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক এলাকায় অভিযান চালায়।
এ সময় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ২০০ কেজি ভারতীয় চিনি, ৩০ কেজি কিসমিস, ৬৯০ কেজি জিরা, বিভিন্ন ধরনের ১৫টি শাড়ি ও ৬২০টি ফেসওয়াশ জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের মূল্য ১২ লাখ ৮ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিংগারখাল এলাকায় এ অভিযান চালানো হয়।
জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান সামনেও চলবে বলে জানিয়েছে বিজিবি।


