ডেস্ক রিপোর্টঃ
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নে অবস্থিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নিয়মনীতি অনুসরণ না করে পাঠদান কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। বিদ্যালয়টির শিক্ষকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দায়িত্বে অবহেলা ও নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয় পরিচালনার অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী।
বিদ্যালয়টির,৭৮ ন;দক্ষিণ রাধা বল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়,ইএমআইএস কোড নম্বর ১০৭০৩০৩০৯। প্রতিষ্ঠানটিতে বর্তমানে মোট ছয়জন শিক্ষক কর্মরত রয়েছেন। তাঁরা হলেন—প্রধান শিক্ষক মো. ইমদাদুল হক, সহকারী শিক্ষক মোছা. লাকি আক্তার, মো. আতাউর রহমান, মোছা. বিউটি খাতুন, মো. ইফতেখার হাসান ও মোছা. লিমা আক্তার।
এতসংখ্যক শিক্ষক কর্মরত থাকা সত্ত্বেও বিদ্যালয়টির পাঠদান ও পরিচালনায় সরকারি নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে অনিয়ম ও অব্যবস্থাপনা চলে আসছে। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের কোনো বিষয় তাঁর জানা নেই।
পরে সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিও) মো. শাহেদুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অন্যদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমদাদুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আজ আমরা একটু তাড়াতাড়ি ছুটি দিয়েছি।”
বিদ্যালয় ছুটির সময় জানতে চাইলে তিনি জানান, “৩টা ১৫ মিনিটে ছুটি হয়েছে।” তবে স্থানীয়দের অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যালয়ে পাঠদান পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা যথাযথভাবে মানা হচ্ছে না। তাঁদের মতে, শিক্ষকদের দায়িত্বে অবহেলার কারণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এলাকাবাসী সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি বিদ্যালয়ে সরকারি সময়সূচি ও নিয়মনীতি মেনে পাঠদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।


