ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দুটি শর্তের ইঙ্গিত দিয়েছে ভারত। শর্ত দুটি পূরণ হলে তাঁর প্রত্যর্পণ ও দেশে ফেরার পথ নিয়ে আলোচনা এগোতে পারে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সরকারি সূত্র। বিবিসি বাংলার এক প্রতিবেদনে দিল্লির কর্মকর্তাদের বরাতে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রথম শর্ত হলো—শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনীকে নিতে হবে। তিনি বাংলাদেশ থেকে সামরিক বিমানে ভারতে গিয়েছিলেন। তাই তাঁকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও বাংলাদেশ সামরিক বিমান পাঠাতে পারে। বিকল্প হিসেবে স্থলসীমান্তের যেকোনো নির্ধারিত স্থানে তাঁকে গ্রহণ করার বিষয়টিও আলোচনায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতের দ্বিতীয় শর্ত হিসেবে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলার বিচারপ্রক্রিয়া পুনরায় চালুর নিশ্চয়তার কথা বলা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শেখ হাসিনার জন্য নতুন করে একটি ন্যায়সংগত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতে চায় দিল্লি।
ভারতের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, তাঁকে মৃত্যুদণ্ডের মুখে ঠেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে চায় না দিল্লি। বরং নতুন বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় ও গণমাধ্যমের নজরদারি নিশ্চিত করার বিষয়টিও ভারতের বিবেচনায় রয়েছে।
দিল্লি-ঢাকার মধ্যে পর্দার আড়ালে আলোচনা
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি এবং ভারতের উত্থাপিত শর্তগুলো বাস্তবায়নের বিষয়ে কয়েক মাস ধরে দিল্লি ও ঢাকার মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা কমানোর উদ্যোগের অংশ হিসেবে ভারতীয় রাজনীতিক দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব নেওয়ার পর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দুই দফা বৈঠক করেছেন। বৈঠক শেষে দিল্লিতে ফিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।
গত ৬ অক্টোবর দিল্লিতে এক অনির্ধারিত সফরে মোদির পাশাপাশি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠের সঙ্গেও বৈঠক করেন ত্রিবেদী। ওই বৈঠক ঘিরে বিবিসির কাছে ভারতের একজন সামরিক সূত্র ইঙ্গিত দেন, শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়ায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে।
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থান
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে একাধিকবার প্রশ্নের মুখোমুখি হয়েছে। প্রতিবারই বিষয়টি আইন ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের কথা জানিয়েছে দেশটি।
গত সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচার বিভাগের আওতাধীন। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনার কথা প্রকাশ করার পর তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত বিষয়ও নতুন করে আলোচনায় এসেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে তিনি নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন।
এর আগে গত জুলাই মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে শেখ হাসিনা ভারতে অবস্থানকালে এসব অভিযোগ অস্বীকার করেছেন।
শেখ হাসিনার প্রত্যাবর্তন, বিচারপ্রক্রিয়া এবং ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক—এই তিনটি বিষয় এখন দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


