গাইবান্ধা প্রতিনিধি:
পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে গাইবান্ধার পলাশবাড়ীতে সংঘবদ্ধ বালুদস্যুদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন চার সাংবাদিক। ভিডিওটি সোশাল মিডিয়ায় ঘুরছে তোক যেটা ক,ছি সেটা বল ভিডিওতে শোনা যাচ্ছে এমন কথা — চার গনমাধ্যমকর্মীকে অবরুদ্ধ করে জোরপূর্বক স্বীকারোক্তি ও মারধরের এমনই ঘটনা ঘটছে। শুধু বেধড়ক মারধরই নয়, একটি কক্ষে আটকে রেখে পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করে ওই সাংবাদিকদের হাতে জোরপূর্বক টাকা গুঁজে দিয়ে ভিডিও ধারণ করার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
গত ১৪ নভেম্বর শনিবার বিকেলের পরে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া চার সাংবাদিক বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার শিকার সাংবাদিকরা হলেন, আনোয়ার হোসেন শামীম: গাইবান্ধা প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দৈনিক আজকের পত্রিকা। রফিকুল ইসলাম (রফিক খন্দকার): গাইবান্ধা জেলা প্রতিনিধি, দৈনিক দেশ রূপান্তর।
তাজরুল ইসলাম: স্টাফ রিপোর্টার,স্থানীয় দৈনিক জনসেনা। ও পাপ্পু সরকার: স্থানীয় সাংবাদিক, শনিবার বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে স্তূপ করে রাখা বালু এবং পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক্টর জব্দ করে প্রশাসন।
এই অভিযানের সংবাদ ও ভিডিও ফুটেজ সংগ্রহ শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে ফিরছিলেন ওই চার সাংবাদিক। আমবাড়ী এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ৯-১০ জনের একটি চক্র তাদের পথরোধ করে। এরপর জোরপূর্বক তাদের একটি ঘরে তুলে নিয়ে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়।ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, ঘরের ভেতর তাদের বেধড়ক মারধর করা হয় এবং সব মোবাইল ফোন কেড়ে নিয়ে বন্ধ করে রাখা হয়।
একপর্যায়ে হামলাকারীরা পরিকল্পিতভাবে ‘মব’ (উত্তেজিত জনতা) সৃষ্টি করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। হেনস্তার চরম পর্যায়ে সাংবাদিকদের হাতে জোর করে টাকা গুঁজে দিয়ে বলা হয় “নে টাকা, তোর বাপে কামাই করে দিছে” এবং এই দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়।আহত সাংবাদিকদের দাবি, উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের দুই নেতার নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল এই পরিকল্পিত হামলা ও জিম্মি করার ঘটনা ঘটিয়েছে।
বর্বরোচিত এই হামলার বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, “ঘটনার বিষয়টি শুনেছি। এটা খুবই দুঃখজনক। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বলেন সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধরের বিষয়টি শুনেছেন বলে জানান।
তবে চাঞ্চল্যকর বিষয় হলো, তিনি নিশ্চিত করেছেন যে অভিযানে জব্দকৃত গাড়িগুলো ইতোমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর এমন হামলা, জিম্মি করে নির্যাতন এবং মিথ্যা প্রমাণের জন্য ভিডিও ফাঁদ তৈরির ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেলার গণমাধ্যমকর্মীরা।


