নিজস্ব প্রতিবেদক: কার্তিকের বিকেল গড়িয়ে তখন গোধূলিলগ্ন। নেত্রকোনার দুর্গাপুর সীমান্তের শান্ত-স্নিগ্ধ জনপদে ধীরে ধীরে নামছে সন্ধ্যার আবেশ। প্রকৃতির এমন নীরবতার সুযোগ নিতে চেয়েছিল চোরাকারবারিরা। কিন্তু সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সতর্ক চোখের আড়ালে যাওয়া অত সহজ নয়। ঠিক এমনই এক আলো-আঁধারি মুহূর্তে দুর্গাপুর সীমান্তে চোরাচালানকারীদের অপতৎপরতা রুখে দিয়েছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। ধাওয়া খেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে ৯৪ বোতল ভারতীয় মদ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিবরণ তুলে ধরেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।
বিজিবি জানায়, সীমান্ত পথে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে তাদের নিজস্ব গোয়েন্দা নজরদারি সবসময় সজাগ থাকে। গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, দুর্গাপুর সীমান্ত দিয়ে মাদকের একটি চালান দেশের অভ্যন্তরে প্রবেশের অপচেষ্টা চলছে। এই তথ্যের ভিত্তিতে কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে ৩১ বিজিবির অধীনস্থ বারমারী বিওপির (বর্ডার অবজারবেশন পোস্ট) ছয় সদস্যের একটি টহল দল দ্রুত অভিযানে নামে।
শুক্রবার বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিট। টহল দলটি অত্যন্ত সন্তর্পণে বারমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬২/৮-এস সংলগ্ন এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এরপর তারা সীমান্ত পিলার থেকে আনুমানিক পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ‘মিনকি’ নামক স্থানে মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বুঝতে পারে তাদের ছক ভেস্তে গেছে। অবস্থা বেগতিক দেখে তারা মাদকদ্রব্য ফেলে দ্রুত অন্ধকারে গা-ঢাকা দেয়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে সেখানে নিবিড় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় ওই ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হন বিজিবি জওয়ানরা।
সীমান্তের সুরক্ষা ও মাদক নির্মূলে বিজিবির এমন অবিচল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী জানান, সীমান্ত এলাকা দিয়ে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান রোধে ৩১ বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় মদগুলো যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


