নিজস্ব প্রতিবেদক: হেমন্তের মিষ্টি রোদ আর হালকা শীতের আমেজ। এর মাঝেই নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার লেংগুরা ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুলবাড়ী মাঠে তিল ধারণের ঠাঁই নেই। চারদিকে উৎসবের রং, আর হাজারো মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস। গ্রামীণ বাংলার চিরায়ত সেই ফুটবল উন্মাদনা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছিল বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে। মাসব্যাপী চলা জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ঘিরে এদিন পুরো এলাকা পরিণত হয়েছিল এক মিলনমেলায়।
মাঠের চারপাশের জনারণ্যের সামনে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে বেলতলী দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘কান্দাপাড়া ব্ল্যাক টাইগার’।
ফুলবাড়ী ও কান্দাপাড়া গ্রামবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল বাঁশি বাজে বিকেল ৩টার দিকে। রেফারির বাঁশির শব্দের সঙ্গেই শুরু হয় দুই দলের মর্যাদার লড়াই। কান্দাপাড়া ব্ল্যাক টাইগার ও বেলতলী- উভয় দলের খেলোয়াড়দের মুহুর্মুহু আক্রমণ আর পাল্টা আক্রমণে পুরো ম্যাচজুড়েই দর্শকদের মাঝে ছিল টানটান উত্তেজনা। প্রতিটি নিখুঁত পাস আর দুর্দান্ত শটে গর্জে উঠছিল মাঠের চারপাশ। নির্ধারিত সময়ের খেলায় শেষ পর্যন্ত বেলতলী দলের রক্ষণভাগ ভেঙে কাঙ্ক্ষিত সেই জয়ের গোলটি ছিনিয়ে নেয় কান্দাপাড়া ব্ল্যাক টাইগার। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ১-০ গোলের জয়ে বাধভাঙা উল্লাসে মেতে ওঠেন বিজয়ী দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকেরা।
কেবল একটি টুর্নামেন্ট নয়, এই আয়োজনের নেপথ্যে রয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এক পারিবারিক আবেগ ও ঐতিহ্যের গল্প। টুর্নামেন্ট কমিটির সভাপতি ফাইজুল ইসলামের কণ্ঠেও ঝরে পড়ে সেই আবেগের সুর। বাবার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘এই টুর্নামেন্ট কেবল একটি খেলা নয়, এটি আমার পরিবারের একটি ঐতিহ্য। আমার বাবা বেঁচে থাকতে তিনিই প্রতিবছর খেলার আয়োজন করতেন। বাবার অবর্তমানে আমি এখন সেই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছি মাত্র।’
তিনি আরও বলেন, ‘টানা এক মাস ধরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই আয়োজন চলেছে এবং আজ সফলভাবে ফাইনাল সম্পন্ন হলো। হাজারো দর্শক মাঠে এসে খেলা উপভোগ করেছেন- এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ইনশাআল্লাহ, আগামী বছরগুলোতেও আমরা এমন আয়োজন অব্যাহত রাখব।’
ফাইনাল খেলাকে কেন্দ্র করে দুপুর থেকেই ফুলবাড়ী মাঠ ও এর আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। কেবল স্থানীয় ক্রীড়াপ্রেমীরাই নন, আশপাশের বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন থেকেও হাজারো দর্শক ছুটে আসেন। তরুণদের উচ্ছ্বাসের পাশাপাশি মাঠে শিশু ও প্রবীণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, ফুটবলের প্রতি বাংলার মানুষের ভালোবাসা আজও কতটা অমলিন।
এরআগে, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া। বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি উৎসবের সূচনা করেন।
খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান রফিক, সহসভাপতি কলি আক্তার এবং উপজেলা ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।
এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে লেংগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি হালিম হাওলাদার, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, সাবেক সভাপতি আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য ক্রীড়ানুরাগী উপস্থিত ছিলেন।
অতিথিরা তাদের বক্তব্যে গ্রামীণ পর্যায়ে এমন সফল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক ও অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজনের কোনো বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক উদ্যোগে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা।
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বিজয়ীদের আনন্দোল্লাস আর আগামী বছর আবারও এমন এক ফুটবল উৎসবের প্রত্যাশা নিয়ে শেষ হয় ফুলবাড়ী মাঠের এই বর্ণিল আয়োজন।


