নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অগ্নিসন্ত্রাস, নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতির অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। দলটির নেতারা বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো ধরনের আধিপত্যবাদী ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ইসলামী দলগুলোর সুদৃঢ় ঐক্যের কোনো বিকল্প নেই।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়ায় আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে দলটির পক্ষ থেকে এসব কথা বলা হয়। ‘দেশ ও ইসলাম বিরোধী ষড়যন্ত্র এবং অগ্নিসন্ত্রাসের’ প্রতিবাদে বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোনা সদর উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রহীম রুহী। তার বক্তব্যে সমসাময়িক রাজনীতির নানা দিক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গভীর উদ্বেগ প্রকাশ পায়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রুহী অভিযোগ করে বলেন, “সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্তে যেসব অগ্নিসন্ত্রাস ও জননিরাপত্তা বিঘ্নিত করার ঘটনা ঘটছে, তার পেছনে শেখ হাসিনা ও তার অনুসারীদের হাত রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, বাস, ট্রেনসহ রাষ্ট্রীয় সম্পত্তিতে অগ্নিসংযোগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তিনি আরও দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী বিদেশে অবস্থান করে তার অনুসারীদের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।
দেশে চলমান বিচার প্রক্রিয়া ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন খেলাফত আন্দোলনের এই কেন্দ্রীয় নেতা। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের যথাযথভাবে আইনি প্রক্রিয়ার আওতায় না আনার কারণেই তারা নতুন করে নাশকতা চালানোর সাহস পাচ্ছে। সমাজে তাদের পারস্পরিক যোগসাজশ, টেন্ডারবাজি ও অনিয়মের অভিযোগ জনমনে ভীতির সঞ্চার করছে বলে তিনি মন্তব্য করেন।
পাশাপাশি, বর্তমান সময়ের নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে সরকারের কিছু অংশের খামখেয়ালিপনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে ঘাটতি এবং গোয়েন্দা সংস্থাগুলোর উদাসীনতাকে দায়ী করেন তিনি।
দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে ইসলামী শক্তিগুলোকে এক কাতারে আসার আহ্বান জানিয়ে মাওলানা রুহী বলেন, “ভারতীয় আধিপত্যবাদী ষড়যন্ত্র থেকে দেশের স্বাধীনতা রক্ষা এবং যেকোনো ধরনের ফ্যাসিবাদী অপতৎপরতা প্রতিহত করতে ইসলামী দলগুলোকে আগামী দিনে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলা গেলে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না।”
নেত্রকোনা সদর উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন- মাওলানা মোস্তফা জিহাদী, মুফতি তরিকুল ইসলাম, মাওলানা শরিফুল ইসলাম, হাফেজ বীন ইয়ামিন, কারী আরিফ বিল্লাহ, মাওলানা আবু বকর, হাফেজ আবু হানিফ, মাওলানা মোতালিব এবং সাংবাদিক মাহমুদুল হাসান প্রমুখ।
সমাবেশ শেষে মোক্তারপাড়া মুক্তিযোদ্ধা ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মোক্তারপাড়া ব্রিজ সংলগ্ন ‘জুলাই চত্বরে’ গিয়ে সমাপ্ত হয়। কর্মসূচিতে সব শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


