রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
কোথাও সারি সারি ফুলকপি, কোথাও মাথা তুলে দাঁড়িয়েছে বাঁধাকপি। আবার কোনো জমিতে সবুজ পাতার আড়ালে বেড়ে উঠছে টমেটো, বেগুন, শিম ও লাউ। মাঠজুড়ে শীতকালীন সবজির এমন সমারোহে বদলে গেছে নীলফামারীর ডিমলার গ্রামীণ জনপদের চিত্র। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে ব্যস্ত সময় কাটছে কৃষকদের। কেউ চারা রোপণ করছেন, কেউ সেচ ও পরিচর্যায় ব্যস্ত, আবার কেউ অপেক্ষায় রয়েছেন আগাম ফসল বাজারে তোলার।
চোখে পড়ার মতো এই সবুজের সমারোহে অবশ্য কৃষকের মনে স্বস্তি নেই পুরোপুরি। কারণ, জমিতে ফসলের সম্ভাবনা যতটা উজ্জ্বল, উৎপাদন শেষে লাভের হিসাব ততটাই অনিশ্চিত। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি—সবকিছুর খরচ বেড়েছে। তার ওপর বাজারে একসঙ্গে সবজির সরবরাহ বাড়লে দাম পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে ভালো ফলন হলেও শেষ পর্যন্ত উৎপাদন খরচ তুলে লাভের মুখ দেখা যাবে কি না, সেই হিসাবেই এখন উদ্বিগ্ন ডিমলার কৃষকেরা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নাউতারা ইউনিয়ন, ডিমলা সদর ইউনিয়নের কুটিরডাঙ্গা, বালাপাড়া ইউনিয়নের রামডাঙ্গা, গয়াবাড়ি ইউনিয়নের মতির বাজার ও দক্ষিণ গয়াবাড়ি এলাকায় শীতকালীন সবজির আবাদ বেশ বিস্তৃত। উঁচু জমির পাশাপাশি পূর্ব ও পশ্চিম ছাতনাই, খগাখরিবাড়ি, টেপাখরিবাড়ি, খালিশা চাপানি এবং ঝুনাগাছ চাপানি ইউনিয়নের তিস্তা নদীবেষ্টিত চরাঞ্চলেও সবজি ও অন্যান্য ফসলের আবাদ করছেন কৃষকেরা। এসব এলাকার পলিমাটিতে একই জমিতে বছরে একাধিক ফসল উৎপাদনের সুযোগ থাকায় শীতকালীন সবজি কৃষকদের বাড়তি আয়ের অন্যতম ভরসা হয়ে উঠেছে।
ডিমলায় উৎপাদিত সবজি শুধু স্থানীয় বাজারেই সীমাবদ্ধ থাকে না। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব সবজি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাজারেও সরবরাহ করা হয়। মৌসুমের শুরুতেই আগাম জাতের সবজি চাষে ঝুঁকছেন অনেকে। তবে উৎপাদন বাড়ার সঙ্গে বাজারদর ধরে রাখার নিশ্চয়তা না থাকায় তাঁদের দুশ্চিন্তাও বাড়ছে।
চরখড়িবাড়ি এলাকার কৃষক দুলাল হোসেন এক একর জমিতে আগাম জাতের ফুলকপি চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে জমির ফুলকপি বাজারজাত করতে পারবেন বলে আশা তাঁর। শুধু সবজি উৎপাদন নয়, ফুলকপি, বাঁধাকপি ও টমেটোর চারা উৎপাদন করেও বিক্রি করেন তিনি। দুলাল হোসেন বলেন, উৎপাদনের প্রতিটি ধাপেই খরচ বেড়েছে। সময়মতো ফসল বাজারে তুলতে পারলেও ভালো দাম পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বাজারদর অনুকূলে না থাকলে লাভ করা কঠিন হয়ে পড়বে।
কুটিরডাঙ্গা এলাকার কৃষক হযরত আলীও ফুলকপি, বাঁধাকপি ও লাউসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ করেছেন। ফসলের পরিচর্যায় ব্যস্ত থাকলেও বাজারদর নিয়ে নিশ্চিত হতে পারছেন না তিনি। তাঁর কথায়, “আগে থেকে তো কিছু বলা যায় না। আল্লাহ দিলে আর বাজার ভালো থাকলে লাভ অইতে পারে।”
একই এলাকার কৃষক আহসান হাবিবের দুশ্চিন্তা আরও বেশি। শীতকালীন সবজি চাষের জন্য আশা এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন তিনি। বীজ, সার, কীটনাশক ও সেচের খরচ মেটাতে ইতিমধ্যে বিনিয়োগ করতে হয়েছে। এখন তাঁর প্রত্যাশা, উৎপাদিত সবজি ভালো দামে বিক্রি করে ঋণ পরিশোধের পাশাপাশি পরবর্তী মৌসুমের জন্য কিছু পুঁজি জমাতে পারবেন। তিনি জানান, ন্যায্যমূল্য না পেলে উৎপাদন খরচ তোলাই কঠিন হবে। তখন ঋণ পরিশোধের পাশাপাশি সংসারের ব্যয় নির্বাহ করাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
অন্যদিকে আগাম সবজি বাজারে আসতে শুরু করায় কিছু কৃষকের মধ্যে আশার সঞ্চার হয়েছে। গয়াবাড়ি ইউনিয়নের মতির বাজার এলাকার কৃষক সোবাহান হোসেন আগাম বেগুন চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এক সপ্তাহের মধ্যে তাঁর জমির বেগুন বাজারজাত করার উপযোগী হতে পারে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে ডিমলা উপজেলায় প্রায় ২৬ হাজার ২৫৬ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের রবি ফসল আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৫০ হেক্টর জমিতে আলু, ৯০ হেক্টরে পেঁয়াজ, ৩২৮ হেক্টরে গম এবং ১ হাজার ৫৯ হেক্টর জমিতে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ করা হচ্ছে। এ ছাড়া প্রায় ১ হাজার ৩৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হচ্ছে।
গয়াবাড়ি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহজাহান আলী বলেন, কৃষকদের উন্নত পদ্ধতিতে সবজি চাষে উৎসাহিত করা হচ্ছে। জমিতে জৈব সার ব্যবহার, মাটির অম্লতা পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী ডলোচুন প্রয়োগ এবং সুষম মাত্রায় সার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ফসলের নিয়মিত পরিচর্যা ও আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কেও কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না বলেন, উপজেলায় প্রায় ৬২ হাজার কৃষককে সার কার্ড দেওয়া হয়েছে। এসব কার্ডের মাধ্যমে চলতি রবি মৌসুমে বিভিন্ন ফসল আবাদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বছর কৃষকেরা চাহিদামতো সহজেই সারসহ অন্যান্য কৃষি উপকরণ পাচ্ছেন। অনুকূল আবহাওয়া ও কৃষি উপকরণের সরবরাহ স্বাভাবিক থাকলে চলতি মৌসুমে ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ডিমলার মাঠে এখন উৎপাদনের প্রস্তুতি, ফসলের পরিচর্যা আর নতুন আশার গল্প। কিন্তু কৃষকের কাছে শুধু ফলন বাড়ানোই শেষ কথা নয়; উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ঋণ ও ধারদেনা করে চাষাবাদ করা কৃষকদের জন্য বাজারদর কমে যাওয়া মানে শুধু মুনাফা হারানো নয়, পরবর্তী মৌসুমের পুঁজি ও সংসারের হিসাবেও টান পড়া।
কৃষকদের প্রত্যাশা, মৌসুমের শুরু থেকেই সবজির বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। কারণ, মাঠের সবুজ ফসল তখনই কৃষকের মুখে হাসি ফোটাবে, যখন সেই ফসলের ন্যায্য দাম পৌঁছাবে তাঁর ঘরে।


