কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ফিশারিতে (মাছের খামার) পানি দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের শিকার হয়ে তাপস সরকার নামে এক সুপরিচিত ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার ৯ নম্বর নওপাড়া ইউনিয়নের অন্তর্গত নওপাড়া গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। আকস্মিক এই প্রাণহানির ঘটনায় নিহতের পরিবারসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত তাপস সরকার নওপাড়া গ্রামের প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী সুনীল চন্দ্র সরকারের বড় ছেলে। পিতার পদাঙ্ক অনুসরণ করে তিনি নিজেও নওপাড়া বাজারের একজন পরিচিত প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছিলেন।
সোমবার সকালে বাড়ির পেছনের ফিশারিতে পানি সরবরাহের প্রয়োজন হলে তিনি নিজেই বৈদ্যুতিক মোটর চালু করতে যান। এ সময় আকস্মিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের ঘটনা ঘটলে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধারের আগেই ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “নওপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। খতিয়ে দেখছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, তাপস সরকারের মতো একজন সদালাপী ও কর্মঠ মানুষের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে নওপাড়া বাজার এবং এর আশপাশের বিস্তীর্ণ এলাকায় শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে। তার মৃত্যুতে বাকরুদ্ধ পরিবারের স্বজনরা। পাশাপাশি নিহতের দীর্ঘদিনের সহকর্মী, স্থানীয় ব্যবসায়ী সমাজ এবং সর্বস্তরের মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। একজন সৎ ব্যবসায়ী হিসেবে সমাজে তার যে গ্রহণযোগ্যতা ছিল, এই বিদায়ে তা এক অপূরণীয় ক্ষতির সৃষ্টি করেছে।


