ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডেনমার্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
আজ সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জকি আহাদ। পরে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ এবং দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, বাংলাদেশের জাতীয় ইতিহাসে দিবসটির তাৎপর্য এবং জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ডেনমার্ক শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী মনির আহমেদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক কাজী শাহজাহান, আইনবিষয়ক সম্পাদক গোলাম সরোয়ার, মহিলাবিষয়ক সম্পাদক সোনিয়া সরোয়ার এবং ছাত্রবিষয়ক সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান শেখ মামুন।
রাষ্ট্রদূত ড. জকি আহাদ উপস্থিত সবাইকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানান। বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ধারাবাহিকতায় দিবসটির তাৎপর্য তুলে ধরেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, ভৌগোলিক দূরত্ব প্রবাসী বাংলাদেশিদের মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন করতে পারে না। প্রবাসে থেকেও বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় মূল্যবোধ ধারণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরা সবার দায়িত্ব। দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সংহতির চেতনা ধারণ করে বাংলাদেশের অগ্রযাত্রায় সম্মিলিতভাবে অবদান রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দেশপ্রেম ও সংহতির চেতনা ধারণ এবং প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় মূল্যবোধ তুলে ধরার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।


